পুরো বিশ্বটাই সূর্যবংশীর পায়ের নিচে থাকবে: বাটলার

আইপিএল
জস বাটলার ও বৈভব সূর্যবংশী
জস বাটলার ও বৈভব সূর্যবংশী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মারকুটে ব্যাটিংয়ে বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীকে। আইপিএলের পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নিজের ব্যাটের ধার চিনিয়েছেন এই বিস্ময় বালক। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার মনে করেন আগামী এক দশক বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবেন সূর্যবংশী।

সম্প্রতি রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দরকে নিয়ে সূর্যবংশীর সঙ্গে এক খোলামেলা আড্ডায় হাজির হয়েছিলেন বাটলার। সেখানেই এই তরুণকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে সূর্যবংশীর রেকর্ড গড়া ৮০ বলে ১৭৫ রানের ইনিংসেরও প্রশংসা করেছেন বাটলার।

ফাইনালে প্রতিপক্ষ ছিল বাটলারের দেশ ইংল্যান্ড। দলটিকে আগেই তিনি সতর্ক করেছিলেন সূর্যবংশীকে যেন বেশি উত্তেজিত না করে। তবে কোনোভাবেই ফাইনালে আটকে রাখা যায়নি সূর্যবংশীকে। ভারত আগে ব্যাট করে ৪১১ রান তোলে। জবাবে ৩১১ রানে থামে ইংলিশরা।

বাটলার বলেন, 'আমি বলেছিলাম, ওকে খুব বেশি উত্তেজিত করো না। আমি যত খেলোয়াড় দেখেছি, ও সবার সেরা। ভাবুন তো, যখন ওর বয়স ২১ বা ২৫ হবে, তখন বিশ্বটাই ওর পায়ের নিচে থাকবে। ওকে খেলতে দেখাটা দারুণ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তুমি ইংল্যান্ডের হৃদয় ভেঙে দিয়েছিলে। অসাধারণ।'

বাটলারের প্রশংসায় হাসিমুখে সাড়া দেন সূর্যবংশী। পরে দুজনের মধ্যে আন্তরিক কথাবার্তা হয়। বাটলার সূর্যবংশীকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'তুমি যেভাবে খেলছ, দেখতে খুব ভালো লাগে। এভাবেই চালিয়ে যাও। তোমার সেই স্বাধীনভাবে খেলা সত্যিই দারুণ লাগে।'

আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান সূর্যবংশী নতুন মৌসুম শুরু করেছেন দুর্দান্তভাবে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭ বলে ৫২ রান করে দলকে জয়ে অবদান রাখেন তিনি। অন্যদিকে, মৌসুমের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৩ বলে ৩৮ রান করেন বাটলার, যা ছিল কিছুটা ধীরগতির ইনিংস।

নিজের সাবেক দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আবারও পুরোনো ছন্দে ফেরার লক্ষ্য থাকবে তার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজস্থানের হয়ে খেলেছেন বাটলার। এরপর গত আইপিএলে যোগ দেন গুজরাট টাইটান্সে। দলটির হয়ে প্রথম মৌসুমেই ১৩ ইনিংসে ৫৩৮ রান করেন বাটলার।

আরো পড়ুন: