একটি টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে ১লা অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন বাংলাদেশের টেস্ট দলের একাংশ। জাপানে এশিয়ান গেমস খেলে ৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন স্কোয়াডের বাকি সদস্যরা। আগামী ২ ও ৩ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ।
এরপর ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। সেখান থেকে আবুধাবি গিয়ে দুদিন অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ৯ অক্টোবর থেকে আবুধাবিতে হবে একমাত্র টেস্ট। সাদা পোশাকের লড়াইয়ের পর জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে তিন জাতির সিরিজ খেলবে বাংলাদেশ।
লিটন দাসের দলের প্রথম ম্যাচ আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচটি হবে আবুধাবিতে। টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ২১ অক্টোবর শারজাহতে। পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ে থাকা দুইটি দল ২৩ অক্টোবর শারজাহতে ফাইনাল খেলবে। এরপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
| তারিখ | ম্যাচ | প্রতিপক্ষ | ভেন্যু |
| ৪-৫ অক্টোবর | প্রস্তুতি ম্যাচ | বাংলাদেশ-আফগানিস্তান | দুবাই |
| ৯-১৩ অক্টোবর | একমাত্র টেস্ট | বাংলাদেশ-আফগানিস্তান | আবুধাবি |
| ১৭ অক্টোবর | ত্রিদেশীয় সিরিজ | বাংলাদেশ-জিম্বাবুয়ে | আবুধাবি |
| ২১ অক্টোবর | ত্রিদেশীয় সিরিজ | বাংলাদেশ-আফগানিস্তান | শারজাহ |