ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপও মেনে নিয়েছেন ব্যাটিংয়ে তাদের ঘাটতি ছিল। তার মতে, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে ভুলের চেয়ে সঠিক সিদ্ধান্তের সংখ্যাই বাড়াতে হবে। সিরিজে ঘুরে দাঁড়াতে তাই পরের ম্যাচগুলোতে সেই জায়গাতেই উন্নতি চান তিনি।
হোপ বলেন, 'ভারতের মাটিতে খেলতে এলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হয়। তারা খুব কঠিন প্রতিপক্ষ। তাই ভুলের চেয়ে সঠিক কাজ বেশি করতে হবে, যেটা আমরা আজ করতে পারিনি। আমাদের অনেক ক্রিকেটার এখানে খেলেছে, আইপিএল কিংবা আগের সফরে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের ম্যাচে আরও ভালো করার পথ খুঁজতে হবে।'
প্রথমে ব্যাট করে ১০ ওভার শেষে তিন উইকেটে ৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। হোপ তখন ৪১ ও শেরফান রাদারফোর্ড ১৮ রানে ছিলেন। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ১৬ ওভারে আট উইকেটে ১৩৫ রানে নেমে যায় দল। হোপ নিজেও ৩৭ বলে ৫২ রান করে নামান ধীরের শিকার হন।
নামানকে মূলত ব্যাটার হিসেবেই বেশি দেখা হয় বলে তাকে বাড়তি স্পিনার হিসেবে বিবেচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই পরিকল্পনাই পরে ভুল প্রমাণিত হয়। হোপ বলেন, 'তাকে নিয়ে আমাদের ভাবনায় ভুল ছিল। সাধারণত বাড়তি স্পিনার হিসেবে তাকে দেখা হয়। তাই ব্যাটিং দল হিসেবে আমরা ভাবি, এই বোলারকে আক্রমণ করা যেতে পারে। কিন্তু মাঠের পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। সে যদি সেদিন সবচেয়ে ভালো বোলিং করে, তা হলে তাকে দ্বিতীয় বা তৃতীয় স্পিনার হিসেবে দেখার সুযোগ নেই।'
শেষ দিকে দলের ব্যাটিং পরিকল্পনাতেও ভুল হয়েছে বলে মনে করেন হোপ। তার ভাষায়, 'আমি হয়তো ওর জন্য পথটা একটু খুলে দিয়েছিলাম, কারণ আমিই প্রথম আউট হই। তবে শেষ দিকে আমাদের ব্যাটিং কিছুটা এলোমেলো হয়েছে। আমাদের আরও বুদ্ধিমানভাবে পরিস্থিতি সামলানো উচিত ছিল। হাতে উইকেট থাকলে শেষ দিকে আমরা আরও বড় রান করতে পারতাম।'