বাদ পড়ার পরপর ট্রিপল সেঞ্চুরি করে যা বলছেন সালমান

পাকিস্তান ক্রিকেট
সালমান আঘা, ফাইল ফটো
সালমান আঘা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিরিজের মাঝপথে পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়ে দেশে ফিরতে হয়েছিল সালমান আলী আঘাকে। সেই হতাশার জবাব ব্যাট হাতে দিলেন দারুণভাবেই। দেশে ফেরার পর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচেই আগ্রাসী ট্রিপল সেঞ্চুরি করে নিজের ফেরার বার্তা দিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার।

প্রেসিডেন্ট’স ট্রফি গ্রেড ওয়ানে হায়দরাবাদ কিংসমেন একাডেমির হয়ে মারখোর আইটি সলিউশন্সের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৩৬ বলে অপরাজিত ৩০০ রান করেন সালমান। তার ইনিংসে ছিল ৪২টি চার ও ছয়টি ছক্কা। দল সাত উইকেটে ৫৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

দেশে ফেরার পর এটিই ছিল সালমানের প্রথম ম্যাচ। অ্যাবোটাবাদে ম্যাচের প্রথম দিনে হায়দরাবাদ ৭২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লে ব্যাট হাতে দলের হাল ধরেন তিনি। মোহাম্মাদ সুলেমানের সঙ্গে গড়ে তোলেন বড় জুটি। দিন শেষে ১০১ রানে অপরাজিত ছিলেন সালমান।

দ্বিতীয় দিনে নিজের আগের সর্বোচ্চ ১৬৯ রানের রেকর্ড ছাড়িয়ে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপরও থামেননি। সুলেমানের সঙ্গে তার জুটি থামে ২৭৪ রানে, সুলেমান আউট হন ১১৫ রান করে। পরে অন্য ব্যাটারদের সঙ্গে জুটি গড়ে কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছে যান সালমান।

ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার পরই ইনিংস ঘোষণা করে হায়দরাবাদ। নিজের এই মাইলফলক নিয়ে সালমান বলেন, 'বেশ ভালো লাগছে। কারণ এসব মাইলফলক বারবার আসে না। জীবনে একবারই এসব হয়। বেশ আনন্দ লাগছে।'

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না সালমানের। টেস্টে তার সবশেষ সেঞ্চুরি এসেছে ২৫ ইনিংস আগে, আর সবশেষ আট ইনিংসে ফিফটি ছিল মাত্র একটি।

বাদ পড়ার পর নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকটি সিরিজে আমার ফর্ম আশানুরূপ ছিল না। ফর্ম ফিরে পেতে কখনও কখনও কিছু পরিবর্তন আনা খুব সহায়ক হতে পারে। আমিও আমার ব্যাটিংয়ে সামান্য পরিবর্তন এনেছি, যা আমাকে অনেক সাহায্য করেছে।'

ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সালমান। সেই ম্যাচে দল হারের পর পরের টেস্টে একাদশ থেকে বাদ পড়েন তিনি। এরপর প্রধান কোচ, বোলিং কোচ ও সাত ক্রিকেটারের সঙ্গে তাকেও দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন: