বর্তমানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন মুশতাক। এর আগে পিসিবির বিভিন্ন দায়িত্বেও ছিলেন তিনি। চলতি ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে হারের পর সিরিজের মাঝপথেই প্রধান কোচ ও বোলিং কোচকে সরিয়ে দিয়েছে পিসিবি। দেশে ফেরত পাঠানো হয়েছে সাত ক্রিকেটারকে। তাদের জায়গায় নেয়া সাতজনের পাঁচজনেরই টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন মুশতাক। তবে সিদ্ধান্তহীনতা ও কোচদের প্রতি আচরণ নিয়ে নিজের উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। বিবিসির স্টাম্পড পডকাস্টে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'অবশ্যই, আমার দেশের জন্য কাজ করতে চাই আমি, বিশেষ করে এই সময়ে। আমার শুধু একটি জিনিস প্রয়োজন। মাঝে মাঝে নিজের দেশের জন্য কাজ করতেও ভয় লাগে, যখন মানুষ আপনাকে সম্মান করে না এবং কিছু আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে আপনাকে বরখাস্ত করে দেয়।'
সিরিজের মাঝপথে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে বরখাস্ত করার বিষয়টিও মেনে নিতে পারেননি মুশতাক। সাবেক ক্রিকেটার হিসেবে এমন সিদ্ধান্তে তিনি ব্যথিত হয়েছেন।
তিনি বলেন, 'সফরে গিয়ে কোচদের বরখাস্ত হতে দেখলে উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়বেন। আমার মনে হয়, সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করে অন্তত সৌজন্য দেখানো উচিত ছিল।'
তবে পরিস্থিতির উন্নতি হলে পাকিস্তানের কোচিংয়ে থাকা সবাই দেশের হয়ে কাজ করতে চাইবেন বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, 'এই বিষয়গুলো যদি ঠিকঠাক করা যায়, তাহলে শুধু আমিই নই, কোচিংয়ে থাকা প্রত্যেক পাকিস্তানিই দেশের সেবা করতে চাইবে। আমার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করার, এই খেলোয়াড়দের সেরা ফর্মে ফিরিয়ে আনার এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের আত্মবিশ্বাসী করে তোলার এটাই সেরা সময়।'
পাকিস্তান দলের সঙ্গে মুশতাকের কাজের অভিজ্ঞতাও দীর্ঘ। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দলের বোলিং পরামর্শক ছিলেন তিনি। ২০২০ সালে স্পিন বোলিং কোচ হিসেবে জাতীয় দলে ফেরেন এই লেগ স্পিনার। ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি।