রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য তার পক্ষেই কথা বলছে। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন কেবল ওয়ানডে খেললেও ব্যাট হাতে রোহিত বুঝিয়ে দেন, বয়স বাড়লেও ওয়ানডেতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এখনো তার আছে।
২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। তাই দীর্ঘমেয়াদি ফিটনেস, প্রস্তুতি ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকছেই। এ প্রসঙ্গে স্টার স্পোর্টসে স্টিভ ওয়াহ বলেন, 'একমাত্র রোহিতই এই প্রশ্নের উত্তর দিতে পারে। ওই বয়সেও তার দক্ষতা ও অভিজ্ঞতা থাকবে। কিন্তু সেখানে থাকতে, কঠোর অনুশীলন করতে এবং শতভাগ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করার ইচ্ছা তার থাকবে কি না, সেটাই প্রশ্ন।'
ওয়াহর মতে, রান করার সামর্থ্য নিয়ে রোহিতের প্রতি আস্থা রাখাই যায়। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুধু প্রতিভা যথেষ্ট নয়। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক প্রশ্ন রাখেন, 'রান করার মতো প্রতিভা তার আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে কি শতভাগ প্রস্তুতি নেবে এবং পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে?'
বিশ্বকাপে রোহিতের জায়গা পাওয়ার সমীকরণও পরিষ্কার করে দিয়েছেন ওয়াহ। তিনি বলেন, 'শতভাগ প্রতিশ্রুতি ও প্রস্তুতির প্রশ্নে তার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সে বিশ্বকাপে খেলতে পারবে। কিন্তু দুটির যেকোনো একটির উত্তর যদি না হয়, তাহলে সে খেলতে পারবে না। প্রতিভা অবশ্যই আছে, তবে সফল হতে প্রতিভার চেয়েও অনেক বেশি কিছু প্রয়োজন।'
বিশ্বকাপে রোহিতের পরিসংখ্যান দুর্দান্ত। ভারতের হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপে ১ হাজার ৫৭৫ রান করেছেন তিনি, সঙ্গে সাতটি সেঞ্চুরি, ভারতীয় ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। ২০১৯ বিশ্বকাপেই করেছিলেন পাঁচটি শতক, যা এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ফলে ওয়ানডেতে তার অতীত পারফরম্যান্সই এখনো তাকে বিশ্বকাপের আলোচনায় রাখছে।