ভারতের জয় কেড়ে নিয়ে শ্রীলঙ্কাকে বাঁচালেন দিনুশা

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
দুই ইনিংসেই সেঞ্চুরি করে শ্রীলঙ্কার ত্রাতা সোনাল দিনুশা
দুই ইনিংসেই সেঞ্চুরি করে শ্রীলঙ্কার ত্রাতা সোনাল দিনুশা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কলম্বোতে জেতার জন্য ভারতের কাজটা সহজই ছিল। শেষ দিনে চারটি উইকেট নিতে পারলেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারতো ভারত। তবে সারাদিনে তিনটির বেশি উইকেট নিতে পারেনি সফরকারীরা। চতুর্থ দিনের শেষ বিকেলে মনে হচ্ছিল হয়ত পঞ্চম দিনের প্রথম সেশনেই গুটিয়ে যাবে শ্রীলঙ্কা। শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এমন কিছু হয়নি। বরং প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কার ত্রাতা হয়েছেন সোনাল দিনুশা।

টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে ২৬৪ বলে খেলেছেন অপরাজিত ১৩৩ রানের ইনিংস। ওমন ব্যাটিংয়ে ভারতের জয় কেড়ে নিয়েছেন দিনুশা। পাশাপাশি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হাত থেকে বাঁচিয়েছেনও বাঁহাতি এই ব্যাটার। দিনুশার জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ম্যাচ ড্র করলেও প্রথম টেস্ট জেতায় সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। কলম্বোতে শ্রীলঙ্কাকে হারাতে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে কিছুটা ধাক্কাও খেয়েছেন শুভমান গিলরা।

ফলোঅনে পড়া শ্রীলঙ্কা ৬ উইকেটে ২২৯ রান নিয়ে শেষ দিনের সকালে ব্যাটিংয়ে নামে। ম্যাচ বাঁচাতে হলে সারা দিন ব্যাটিং করতে হতো স্বাগতিকদের। কাজটা কঠিন হলেও সেটা করে দেখিয়েছে তারা। সকালের শুরু থেকেই ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন কেশারা নুয়ান্থা ও দিনুশা। সেই পরীক্ষায় উতরেও গেছেন তারা ‍দুজন। ভারতের অধিনায়ক একের পর এক বোলিং পরিবর্তন করেও জুটি ভাঙতে পারছিলেন না।

রবীন্দ্র জাদেজা, মানব সুথার, সারানশ জৈন, প্রসিধ কিংবা মোহাম্মদ সিরাজরা যেন একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন। অনেকটা সময়ের অপেক্ষার পর নুয়ান্থাকে ফিরিয়ে অবশেষে জুটি ভাঙেন সুথার। সপ্তম উইকেটে তারা দুজনে মিলে গড়েছেন ২৪৬ বলে ১১২ রানের জুটি। যেখানে ১৫০ বল খেলেছেন নুয়ান্থা। তিনি আউট হয়েছেন ৪৬ রানে। এদিকে সাবধানী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন দিনুশা।

প্রবাথ জয়াসুরিয়া বেশিক্ষণ টিকতে পারেননি। ২৮ বলে ২ রান করে আউট হয়েছেন জাদেজার বলে। এরপর লাহিরু কুমারাকে সঙ্গে নিয়ে আবারও ভারতের ধৈর্য্যের পরীক্ষা নিতে থাকেন দিনুশা। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন সেঞ্চুরিও। ক্যারিয়ারের পঞ্চম টেস্টেই দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন দিনুশা।

১৯৮২ সালে চেন্নাইয়ে দুলিপ মেন্ডিস এবং ১৯৯৭ সালে কলম্বোতে এমন কীর্তি গড়েছিলেন অরবিন্দ ডি সিলভা। এ ছাড়া শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে দুই টেস্টের সিরিজে তিন সেঞ্চুরি করেছেন দিনুশা। ১৯৯৭ সালে ভারত ও পাকিস্তান সিরিজে তিনটি করে সেঞ্চুরি করেছিলেন অরবিন্দ ডি সিলভা। ২০১৩ সালে কুমার সাঙ্গাকারা করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

দিনুশার সেঞ্চুরির পর শেষ বিকেলে কুমারাকে ফিরিয়ে জুটি ভাঙেন জাদেজা। ৯০ বলে ১২ রান করে কুমারা আউট হয়েছেন। তার বিদায়ে ভাঙে দিনুশার সঙ্গে ১৭০ বলে ৪৭ রানের জুটি। দিনের বাকিটা সময় কাটিয়েেছেন আসিথা ফার্নান্দোকে নিয়ে। ৯ উইকেটে ৪২৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জেতার জন্য ১৭ ওভারে ২১৭ রান করতে হতো ভারতকে। এমন সময় ম্যাচ ড্র মেনে নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সুথার ও জাদেজা।

আরো পড়ুন: