আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২ বছর পর সেরা দশে বাবর

আইসিসি র‍্যাঙ্কিং
বাবর আজম
বাবর আজম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হারিয়ে তিন বছরের বেশি সময় পর দেশের বাইরে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। সিরিজ জুড়েই দারুণ পারফরম্যান্স করেছেন অধিনায়ক বাবর আজম, ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক এবং স্পিনার সাজিদ খান। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত ৮৮ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তান অধিনায়ক।

এই পারফরম্যান্সে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরলেন বাবর। অর্থাৎ প্রায় দুই বছর পর আবারও সেরা দশে জায়গা করে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবরের চেয়েও উজ্জ্বল ছিলেন শফিক। প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রান করেন পাকিস্তানের তিন নম্বরে ব্যাট করতে নামা শফিক। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে ২৫ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডানহাতি স্পিনার সাজিদ।

তার পারফরম্যান্সে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন সাজিদ। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ উন্নতি হয়েছে তার, সেখানে এখন ৩২তম অবস্থানে আছেন। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড। টেস্ট বোলারদের তালিকার শীর্ষে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

আর টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এদিকে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সাম্প্রতিক দুটি ওয়ানডের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোর কাছাকাছিও পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন গুরবাজ। তার সতীর্থ হাসমতউল্লাহ শাহিদিও চার ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার ওয়ানডেতে ফিরে এসে র‍্যাঙ্কিংয়ে আবার জায়গা করে নিয়েছেন। তিনি যৌথভাবে ৫৯তম স্থানে আছেন।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারও ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন, তার অবস্থান ১৭ নম্বরে।

আরো পড়ুন: