সম্প্রতি স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও সেই দৌড়ে ছিলেন না ফ্লিনটফ। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে লায়ন্স দলের দায়িত্ব ছেড়ে বিগ ব্যাশে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে যোগ দেবেন তিনি। ইসিবিও এ সিদ্ধান্তে অনুমতি দিয়েছে। এরপরই তার নিয়োগ এবং দায়িত্ব পালন নিয়ে সমালোচনা শুরু হয়।
লর্ডসে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কি বলেন, ‘অ্যান্ড্রু ফ্লিনটফকে নিয়ে এমন কিছু মন্তব্য দেখেছি, যেটা আমার কাছে অন্যায্য মনে হয়েছে। বলা হচ্ছিল, যেহেতু সে এখন ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছে না, তাই তার লায়ন্স দলের কোচ হওয়াই উচিত ছিল না।'
'আমার মনে হয়, এটা ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারের প্রতি চরম অসম্মান। গত তিন বছর সে চাইলে আরও অনেক কাজ করে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারত। কিন্তু তার আগ্রহ ছিল পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলায়।’
কির মতে, সনি বেকার, মিচ স্ট্যানলিসহ অনেক তরুণ ক্রিকেটার ফ্লিনটফের কাছ থেকে উপকৃত হয়েছেন। তার মতো একজন মানুষকে লায়ন্স দলের সঙ্গে পাওয়া ইংল্যান্ডের জন্য সৌভাগ্যের বিষয় বলেও মনে করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই ভাগ্যবান যে ফ্লিনটফ এই দায়িত্ব পালন করেছে। মানুষ যখন বলে, তার এই কাজ করা উচিত হয়নি, তখন সেটা আমার কাছে অসম্মানজনক মনে হয়। সে এই দায়িত্বে অসাধারণ কাজ করেছে এবং তাকে পাশে পাওয়া আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়।’
কি মনে করেন, লায়ন্স দলের কোচ হলেই যে তাকে জাতীয় দলের প্রধান কোচ হতে হবে, এমন কোনো নিয়ম নেই। বরং আরও কিছু সময় প্রধান কোচ হিসেবে কাজ করলে ভবিষ্যতে ফ্লিনটফই ইংল্যান্ডের সেরা কোচদের একজন হয়ে উঠতে পারেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই সময়টা আসেনি। তবে আরও অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে অ্যান্ড্রু ফ্লিনটফ ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার অন্যতম সেরা প্রার্থী হতে পারে। সিডনি থান্ডারে কাজ করার মাধ্যমে সে আরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। আমি মনে করি, এই অভিজ্ঞতা তার জন্য খুবই প্রয়োজন।’
ইসিবির এই পরিচালক আরও বলেন, 'বর্তমান সময়ে তরুণ ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটে আগ্রহী করে তোলা সহজ নয়। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে তাদের রাজি করাতে ফ্লিনটফের উপস্থিতি বড় পার্থক্য গড়ে দিয়েছে। টি-টেন, টি-টোয়েন্টি, আইএলটি-টোয়েন্টি কিংবা এসএ-টোয়েন্টির এই সময়ে একজন তরুণ ক্রিকেটারকে লাল বলের সফরে যেতে রাজি করানো সহজ নয়। '
'ফ্লিনটফ সেখানে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে। আমার মতে, সে একজন অপ্রকাশিত নায়ক। এই কাজের জন্য তার প্রাপ্য সম্মান এবং কৃতজ্ঞতা পাওয়া উচিত।’