এবার তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচিং স্টাফে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গৌতম গম্ভীর। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গম্ভীরের পছন্দেই ভারতীয় দলের সহকারী কোচ হন টেন ডেসকাট।
ব্যাটিং ও ফিল্ডিং, দুই বিভাগেই কোচিং দায়িত্ব পালন করেছেন তিনি। কলকাতায় যোগ দিয়ে আবারও অভিষেক নায়ারের সঙ্গে কাজ করবেন টেন ডেসকাট এমনটাই জানা গেছে। ভারতের কোচিং স্টাফেও দুজনে একসঙ্গে কাজ করেছেন। তবে কলকাতার হয়ে কাজ করার জন্য অভিষেক ভারতের দায়িত্ব ছেড়ে দেন।
আইপিএলের দল কলকাতার সঙ্গে ডেসকাটের সম্পর্ক অনেক দিনের। খেলোয়াড় হিসেবে ২০১২ ও ২০১৪ সালে দলটির হয়ে আইপিএল শিরোপা জিতেছিলেন তিনি। পরে ২০২২ সালে ফিল্ডিং কোচ হিসেবে কেকেআরে ফিরে আসেন। ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই সময়েই গৌতম গম্ভীর মেন্টর এবং চন্দ্রকান্ত পণ্ডিত প্রধান কোচ হিসেবে কলকাতাকে শিরোপা জেতান।
এরপর গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেয়ায় তিনিও জাতীয় দলে যোগ দেন। ভারতের সহকারী কোচ হিসেবে টেন ডেসকাটের সময়টা সাফল্যেও ভরা ছিল। তার সময়ে ভারত ২০২৫ সালের এশিয়া কাপ জেতে এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখে। তবে টেস্ট ক্রিকেটে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
অস্ট্রেলিয়ায় বোর্ডার গাভাস্কার ট্রফি হারানোর পাশাপাশি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং সাউথ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে ভারত। পাশাপাশি সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও সীমিত ওভারের সিরিজ হেরেছে ভারত। এরপর থেকেই মূলত পুরো কোচিং প্যানেল নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় ভারতকে।