জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। তবে সিরিজের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৯ বলে করেন ২০ রান, আর শেষ ম্যাচে ৪৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
এই পারফরম্যান্সের সুবাদে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার কীর্তিও গড়েছেন বৈভব। অন্যদিকে, ওপেনিংয়ে বৈভবের সঙ্গী অভিষেক শর্মার জন্য সিরিজটি ছিল দুঃস্বপ্নের। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১, ৮ ও ২ রান।
শুধু জিম্বাবুয়ে সিরিজই নয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়েও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ছন্দহীন সময় পার করছেন অভিষেক। শেষ ছয় টি-টোয়েন্টি ইনিংসে তার রান যথাক্রমে ১০, ১৬, ৩, ১, ৮ ও ২। এই সময়ে মাত্র একটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে।
সিরিজ শেষে ইনস্টাগ্রামে নিজের হতাশার কথা জানিয়ে অভিষেক লিখেছেন, 'এটা কষ্ট দেয়, যখন এত মানুষের বিশ্বাসের প্রতিদান দিতে পারি না। তবে ক্রিকেট সবসময় তাদেরই পুরস্কৃত করে, যারা লড়ে যায়। দল জিতেছে, এতে আমি খুশি। আরও শক্তভাবে ফিরব।'
ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট সেপ্টেম্বরে এশিয়ান গেমসে। এরপর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে তারা। সেই সময়ের আগে নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ থাকবে অভিষেকের সামনে।
খারাপ সময়ে টিম ম্যানেজমেন্টের পাশাপাশি সাবেক অধিনায়ক সূর্যকুমার যাদবের সমর্থনও পাচ্ছেন অভিষেক। আভিষেকের পোস্টে সূর্যকুমার কমেন্ট করেন, 'টানা দুই বছর মানুষকে হাসির অনেক উপলক্ষ এনে দিয়েছো তুমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে গর্বিত করেছ। এটা কেবল সময়ের ব্যাপার। নিজের মতো থাকো, নির্ভীক।'