পাকিস্তানের কাছে সিরিজ হেরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ
পাকিস্তানের জয়ের নায়ক শাদাব খান
পাকিস্তানের জয়ের নায়ক শাদাব খান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‘কঠিন’ উইকেটে হাফ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে পথ দেখানোর চেষ্টা করলেন জশ ইংলিস। তবে বাকিদের কেউই দাঁড়াতে পারলেন না। শাহীন আফ্রিদি, আবরার আহমেদ ও শাদাব খানের বোলিংয়ে দেড়শ পেরিয়েই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় একশর আগে চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তানও। তবে শাদাব ও আব্দুল সামাদের চমৎকার জুটিতে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে ২-১ এ সিরিজে হেরে বাংলাদেশ সফরে আসছে অজিরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন শাহিবজাদা ফারহান। নাথান এলিসের বলে আউট হওয়ার আগে ৬ রান করেছেন। আরেক ওপেনার মাজ সাদাকাত অবশ্য রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। যদিও পাওয়ার প্লে শেষের আগে বাঁহাতি ব্যাটারকে বিদায় করেন ম্যাথু শর্ট। সাদাকাতের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ২৭ রান।

একটু পর ফেরেন গাজী ঘুরিও। ১৩ বলে ৮ রান করে ম্যাথু কুনেমানের বলে বোল্ড হয়েছেন। সালমান আলী আঘা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি। ২৪ বলে ১৫ রান করে আউট হয়েছেন কুনেমানের বলে ইংলিসের হাতে ক্যাচ দিয়ে। অন্যপ্রান্ত আগলে রেখে অবশ্য পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছিলেন বাবর আজম। তবে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি কুনেমান।

বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়েছেন বাবর। ৮৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। আরাফাত মিনহাসও সুবিধা করতে পারেননি। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সামাদ ও শাদাব মিলে ৪৯ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। সামাদ ১৮ ও শাদাব অপরাজিত ছিলেন ৪২ বলে ২৯ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে কুনেমান নিয়েছেন তিনটি উইকেট।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন শর্ট। শাহীন আফ্রিদির বলে শাহিবজাদাকে ক্যাচ দেন তিনি। এরপর অবশ্য মার্নাস ল্যাবুশেন ও ইংলিস মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ১৯ রান করা ল্যাবুশেনকে ফিরিয়ে জুটি ভাঙে পাকিস্তান। পরবর্তীতে অ্যালেক্স কেরিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে টানেন ইংলিশ। যদিও দলের রান একশ হওয়ার আগেই ফেরেন কেরি।

হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ১৯ রান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি ‍করেন ইংলিস। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর থামতে হয় তাকে। ৭১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ইংলিস। ডানহাতি ব্যাটার ফেরার পর অস্ট্রেলিয়া শিবিরে ধস নামে। শেষ পর্যন্ত ১৫৭ রানে অল আউট হয় সফরকারীরা। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি তিনটি, শাদাব ও আবরার নিয়েছেন দুইটি করে উইকেট।

আরো পড়ুন: