ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মিলার

সাউথ আফ্রিকা ক্রিকেট
ডেভিড মিলার, ফাইল ফটো
ডেভিড মিলার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডেভিড মিলারকে চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ২০২৬-২৭ মৌসুমের জন্য ঘোষিত নতুন তালিকায় তার নাম নেই, যা ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার ঘোষিত এই পূর্ণ চুক্তিতে জায়গা পেয়েছেন ১৮ জন ক্রিকেটার। পাশাপাশি আলাদা ধরনের চুক্তিতে রাখা হয়েছে অফ স্পিনার সাইমন হার্মারকে, যেখানে নির্দিষ্ট শর্তে আন্তর্জাতিক সিরিজে অংশ নেয়ার সুযোগ থাকবে তার জন্যে।

গত মৌসুমে এই বিশেষ চুক্তিতেই ছিলেন ডেভিড মিলার। এই ব্যবস্থায় খেলোয়াড়রা দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে পারেন এবং একই সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতাকে অগ্রাধিকার দেয়ার সুযোগ পান। যেমন গত বছর মিলার একটি বিদেশি প্রতিযোগিতায় অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যাননি।

এবার বোর্ডের সঙ্গে তার কোনো চুক্তি না থাকায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত এই মিডল অর্ডার ব্যাটার সর্বশেষ বিশ্বকাপেও দলে ছিলেন। তবে এখনও তিনি অবসরের কোনো ঘোষণা দেননি।

এদিকে গত মৌসুমে একই ধরনের চুক্তিতে থাকা রাসি ফন ডার ডাসেনও এবার বাদ পড়েছেন। তিনি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর অস্ট্রেলিয়া সফরে।

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা পেসার নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে ও লিজার্ড উইলিয়ামস-এরও জায়গা হয়নি নতুন তালিকায়। এ ছাড়া ব্যাটার রিজা হেনড্রিকস-কেও রাখা হয়নি। নতুন এই চুক্তির মেয়াদ চলবে চলতি বছরের ১ জুন থেকে আগামী বছরের ৩১ মে পর্যন্ত।

ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা:

পূর্ণ চুক্তি: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ওটনিয়েল বার্টমান, কর্বিন বশ, ম্যাথু ব্রিজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনা।

হাইব্রিড চুক্তি: সাইমন হার্মার

আরো পড়ুন: