নাকভিকে ‘অদক্ষ ও অজ্ঞ’ ব্যক্তি বলছেন শোয়েব

টি-টোয়েন্টি বিশ্বকাপ
শোয়েব আখতার ও মহসিন নাকভি, ফাইল ফটো
শোয়েব আখতার ও মহসিন নাকভি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে আরেকটি বড় ব্যবধানের হারের পর ক্ষোভে সরব পাকিস্তানের ক্রিকেট মহল। সাবেক গতি তারকা শোয়েব আখতার সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির দিকে। তার অভিযোগ, অদক্ষ নেতৃত্ব দেশের ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত ম্যাচে ৬১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের লড়াইয়েও একপাক্ষিক চিত্রই বেশি দেখা গেছে।

ম্যাচ শেষে ভারতের এবিপি নিউজে শোয়েব বলেন, 'দেখুন, যদি আমাকে আপনাদের চ্যানেল চালানোর দায়িত্ব দেয়া হয়, যদি চ্যানেলের চেয়ারম্যান বানানো হয়… একটা চ্যানেল কীভাবে চালাতে হয়, আমি এসবের কী জানি! এরকমই একজন লোক, যে কিছুই বোঝে না (ক্রিকেটের), সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছে, সে কি করতে পারে?'

তিনি আরও যোগ করেন, 'দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ হলো একজন অদক্ষ ব্যক্তিকে বড় দায়িত্ব দেয়া। আপনি যখন কোনো অদক্ষ ও অজ্ঞ ব্যক্তিকে বড় দায়িত্ব দেবেন, সে দেশ ধ্বংস করে দেবে। উদাহরণ তো আপনার সামনেই আছে।'

নাকভি বোর্ড প্রধান হওয়ার পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান। ম্যাচের আগের রাত ১০টায় টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে তার বৈঠক নিয়েও সমালোচনা হয়েছে দেশটির সংবাদমাধ্যমে। ম্যাচ চলাকালে ছয় উইকেট পতনের পর তার স্টেডিয়াম ত্যাগের খবরও প্রকাশিত হয়।

ভারত-পাকিস্তান লড়াইয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন আখতার। তার ভাষায়, 'আপনাদের ক্রিকেট অনেক এগিয়ে গেছে, আমরা অনেক পেছনে রয়ে গেছি। এখন তো স্রেফ টিআরপির ব্যাপার রয়ে গেছে। মাঠে তো লড়াই কিছুই নেই।'

তবে হতাশার মধ্যেও আশা ছাড়ছেন না সাবেক এই পেসার। নামিবিয়ার বিপক্ষে জয় পেয়ে সুপার এইটে ওঠার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, 'আমি তো পাকিস্তানের পাশেই রয়ে যাব, সমর্থন করা ছাড়ব না।'

আরো পড়ুন: