হায়দরাবাদ ছাড়লে অন্য কোনো দলে যোগ দেওয়ার আগে নেতৃত্বের নিশ্চয়তা চান অভিষেক- এমনই দাবি ভারতের গণমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'র প্রতিবেদনে। আগামী মৌসুমে ব্যস্ত সূচির কারণে প্যাট কামিন্স আইপিএলে না খেললে হায়দরাবাদের নেতৃত্ব দিতে পারেন ইশান কিশান। তাতেই নাকি অসন্তুষ্ট অভিষেক।
সেই প্রতিবেদন অনুযায়ী, অভিষেকের সঙ্গে ইতোমধ্যে কয়েকটি দলের আলোচনা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস তাকে দলে নেয়ার দৌড়ে এগিয়ে আছে বলে জানা গেছে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
একটি সূত্র বলছে, 'ইশান কিশানকে অধিনায়ক করার সিদ্ধান্তে অভিষেক খুশি নয়, এটা সবাই জানে। দীর্ঘদিন ধরে সে দলের সঙ্গে আছে। নেতৃত্বের প্রত্যাশা থাকাটা স্বাভাবিক। মুম্বাই, গুজরাট ও পাঞ্জাবে তাকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। দিল্লিকেও উড়িয়ে দেয়া যায় না।'
অভিষেকের নেতৃত্বের আকাঙ্ক্ষার পেছনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকেও কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ সালে হায়দরাবাদে যোগ দেওয়ার পর এই দলেই তার উত্থান। হায়দরাবাদের হয়ে পারফর্ম করেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
সেই সূত্র আরও বলেন, 'খুব বেশি দলে অধিনায়ক হওয়ার সুযোগ নেই। কলকাতা ও লক্ষ্ণৌও বিকল্প হতে পারে। বাকি দলগুলোর নেতৃত্ব মোটামুটি ঠিক হয়ে আছে। অভিষেক যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে যাবে কোথায়? হায়দরাবাদই বা তাকে ছাড়তে রাজি হবে কি না, সেটাও দেখার বিষয়।'
এদিকে অভিষেককে নিয়ে আলোচনায় থাকলেও হায়দরাবাদ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ফলে আগামী আইপিএলে তিনি হায়দরাবাদেই থাকবেন, নাকি নতুন দলে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত নয়।