আসন্ন মৌসুমে বাংলাদেশের এই গতিময় পেসারকে দলে নিতে এরই মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে বলে জানা গেছে। বাংলাদেশের ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টারকে দেয়া তথ্য অনুযায়ী, নাহিদকে দলে নেওয়ার ব্যাপারে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।’
ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলা বিগ ব্যাশে নাহিদের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের ওপর। বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি থাকায় নাহিদকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়া হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি চক্রে বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর আগে নাহিদের ফিটনেস ও ওয়ার্কলোড বিবেচনায় নিতে হবে বিসিবিকে।
সম্প্রতি এই পেসার সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠেছেন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি তিনি। এমনকি আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াড থেকেও তাকে বিশ্রাম দেয়া হয়েছে। আসন্ন আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।