২০২৬ সালের দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলছেন উসমান তারিক। সম্প্রতি ট্রেন্ট রকেটসের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড আউট হওয়ার পর আম্পায়ারের কাছে নো বলের ইঙ্গিত দিয়ে তারিকের বিরুদ্ধে 'চাকিং' এর অভিযোগ তোলেন। এর আগে ইংল্যান্ডের টম ব্যান্টন ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও ক্যামেরার সামনে তার বোলিং অ্যাকশন নিয়ে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেছিলেন।
এমন আচরণে অসন্তোষ প্রকাশ করে তারিক বলেন, 'এতে একজন খেলোয়াড়ের চরিত্রই ফুটে ওঠে। এ ধরনের বিষয় দেখিয়ে দেওয়া তোমার কাজ নয়। সাধারণত আমি এসবের জবাব দিই না। কিন্তু টম ব্যান্টন আমার সামনেই এটা করেছিল, তাই আমিও তাকে কিছু ভালো কথা শুনিয়েছিলাম।'
এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুইবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে লাহোরে পিসিবি অনুমোদিত বায়োমেকানিক্স ল্যাবে পরীক্ষা দিয়ে তিনি ছাড়পত্র পান। এর আগে তিনি জানিয়েছেন, জন্মগতভাবে তার কনুইয়ে একটি শারীরিক সমস্যা রয়েছে, যার কারণে হাত পুরোপুরি সোজা করতে পারেন না। তবে সবকিছুর পরও খেলোয়াড়দের এভাবে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই বলে মনে করেন তারিক।
তিনি বলেন, 'আমার মনে হয়েছে, এটা তোমার কাজ নয়। এসব বিষয় চিহ্নিত করার দায়িত্ব তোমার না। মাঠে ও মাঠের বাইরে আম্পায়ার আছেন, তারাই চাইলে আমার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলতে পারেন। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের নিয়মগুলো বুঝে পরিণত আচরণ করা উচিত। নেতিবাচক কাজ করার চেয়ে বিশ্বের কাছে নিজেদের পেশাদার হিসেবে তুলে ধরাই ভালো।'