শুধু ব্যাট হাতে নয়, মাঠের অন্য জায়গাতেও সমান প্রভাব রেখেছেন রিঙ্কু। অপরাজিত ৮৩ রানের ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে নিয়েছেন পাঁচটি ক্যাচ। অতিরিক্ত ওভারেও জয়ের রান এসেছে তার ব্যাট থেকেই, ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
ম্যাচ শেষে রিঙ্কু বলেন, 'বেশি কিছু ভাবিনি। শুধু জানতাম, খেলা চালিয়ে যেতে হবে। দৌড়ে রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। তার পর শেষ দিকে রান তুলতে হবে। আমি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম।'
শেষ ওভারে দিগবেশ রাঠীর বলে পরপর চারটি ছক্কা হাঁকান তিনি। সেই মুহূর্ত নিয়ে রিঙ্কুর কথা, 'আমি জানতাম না কে বল করবে। তবে আগের ওভার শেষে বুঝতে পারলাম স্পিনার আসছে।'
ফিল্ডিংয়েও ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। পাঁচটি ক্যাচ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'ছোট থেকেই ফিল্ডিং করতে ভালো লাগে। আমি ফিট। ফিল্ডিং উপভোগ করি।'
সুপার ওভারে রভম্যান পাওয়েল একটি ক্যাচ ধরে রিঙ্কুর দিকে ছুড়ে দেন। সেই অভিজ্ঞতা নিয়ে রিঙ্কু বলেন, 'না, একেবারেই তৈরি ছিলাম না। ভেবেছিলাম ও-ই ধরবে। কিন্তু আমার দিকে ছুড়ে দিল, আমিও ধরে নিলাম।'
অধিনায়ক রাহানে ম্যাচ শেষে রিঙ্কুর প্রশংসা করে বলেন, 'শেষের দিকে রিঙ্কু যে ইনিংস খেলেছে, তা অসাধারণ। ওর জন্যই আমরা লড়াই করার জায়গায় যেতে পেরেছি।'