রেকর্ডবই ওলটপালট করে সূর্যবংশী বললেন, ‘তাড়াতাড়ি ঘুমাতে হবে’

আইপিএল
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
যেকোনো বিশেষণই এখন যেন বৈভব সূর্যবংশীর জন্য বেশ পুরোনো হয়ে গেছে। গত মাসেই ১৫ বছর পূর্ণ করা রাজস্থান রয়্যালসের এই ওপেনার দ্বিতীয়বারের মত এবারের আইপিএলে ফিফটি করলেন ১৫ বলে। এদিন রেকর্ড বই ওলটপালট করে ২৬ বলে ৭৮ রানের ধ্বংসাত্বক ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসে ম্যাচসেরা হবার পরও উদযাপন নয়, বরং দ্রুত ঘুমানোকেই প্রাধান্য দেবার কথাই জানান সূর্যবংশী!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের ওপর ঝড় চালিয়ে ৭ ছক্কা ও ৩০০ স্ট্রাইকরেটে ৭৮ রান করেন সূর্যবংশী। এই ইনিংসে ১৫ বলে ফিফটির মাধ্যমে আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে ১৮ বা তার কম বল মোকাবেলা করে তিনটি ফিফটির রেকর্ড গড়েছেন এই ওপেনার। সবমিলিয়ে এই পরিসংখ্যানে সূর্যবংশীর মোট ফিফটি চারটি। ভাগ বসিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের রেকর্ডে।

এই তিনজনের ওপরে, অর্থাৎ শীর্ষে আছেন অভিষেক শর্মা। তিনি ১৮ বা তার কম বল ফিফটি করেছেন পাঁচটি। এ ছাড়াও তিনশ'র বেশি স্ট্রাইকরেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ব্যাটারদের তালিকা দুই নম্বরে অবস্থান করছেন সূর্যবংশী। শীর্ষে থাকা পোলার্ডকে ছুঁতে আর একটি ইনিংস দূরে তিনি।

এ ছাড়াও এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের স্বীকৃতি হিসেবে অরেঞ্জ ক্যাপও তার মাথায় উঠেছে এই ম্যাচেই। এতসব রেকর্ড করার পরেও কোনো বাড়তি উদযাপনের ছিটেফোটাও ছিলো না এই ব্যাটারর মাঝে।

‎এমন পারফরম্যান্স ও দলের জয় উদযাপন করতে কী কী করবেন জানতে চাওয়া হলে সূর্যবংশী বলেন, 'না,এমন কিছু না। আজ আমাদের একটু তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, কারণ আমাদের সকালে ফ্লাইট আছে এবং খুব ভোরে বের হতে হবে।'

‎‎আগের ম্যাচে জসপ্রীত বুমরাহ আর সূর্যবংশীর মুখোমুখি লড়াই নিয়ে বেশ আলোচনা হয়েছে ম্যাচের আগে। অনেকের মতেই সীমিত ওভারে বিশ্বসেরা পেসার বুমরাহকে টানা দুই ছক্কা মেরে সবাইকে রীতিমতো স্তব্ধ করে দেন এই ব্যাটার। এদিন বেঙ্গালুরুর বিপক্ষে জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের ওপর দিয়েও চালিয়েছেন ঝড়। বড় বড় বোলারদের বিপক্ষে সফল হবার পেছনে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারাটাকেই কৃতিত্ব দেন তিনি।

‎সূর্যবংশী বলেন, 'মনে মনে আমি ভাবছিলাম কে বল করছে। কিন্তু আমার মনোযোগ ছিল বলের উপর, বোলারের উপর না। আমি শুধু আমার স্বাভাবিক খেলাটাই খেলছিলাম, বলটির গতি ও লাইন লক্ষ্য করছিলাম, আর যেটা অনুশীলন করি সেটাই করছিলাম।'

আরো পড়ুন: