লক্ষ্ণৌতে হাসারাঙ্গার বদলি সাউথ আফ্রিকার লিন্ডে

ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আইপিএল থেকেও ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার তারকা স্পিনারের বদলি হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন জর্জ লিন্ডে। সাউথ আফ্রিকার স্পিন বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্ণৌ।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন হাসারাঙ্গা। সেই চোটে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারেননি লঙ্কান স্পিনার। চোট থেকে সেরে উঠতে বর্তমানে শ্রীলঙ্কায় পুনর্বাসনে রয়েছেন তিনি। জানা গেছে, এখনো শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মেডিকেল বিভাগের কাছে ফিটনেস পরীক্ষা দেননি হাসারাঙ্গা।

ফিটনেস পরীক্ষা না দিলেও সপ্তাহখানেক আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং সেশন করেছেন হাসারাঙ্গা। তবে এখনো বোলিং অনুশীলন শুরু করেননি। দুই মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন ডানহাতি লেগ স্পিনার। হাসারাঙ্গার কাছের একজন ক্রিকবাজকে বলেন, ‘হাসারাঙ্গাকে নিয়ে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই।’

তখন থেকেই হাসারাঙ্গাকে আইপিএলে পাওয়া নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। লঙ্কান স্পিনারের বদলি হিসেবে প্রথমবারের মতো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন লিন্ডে। সবশেষ ১২ মাসে সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন।

এ ছাড়া বিপিএলেও খেলার অভিজ্ঞতা আছে লিন্ডের। এখনো পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ ম্যাচে ২১৮ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে ১৩৬.৬৮ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৭৪৬ রান। লক্ষ্ণৌতে দল পাওয়ার লড়াইয়ে লিন্ডের সঙ্গী ছিলেন লিয়াম ডওসন ও মুজিব উর রহমান। তবে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকান অলরাউন্ডারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

আরো পড়ুন: