সূর্যবংশী-জয়সাওয়ালদের থামাতে না পারায় বুমরাহদের কাঁধে দায় চাপালেন জয়াবর্ধনে

আইপিএল
জসপ্রিত বুমরাহ ও বৈভব সূর্যবংশী
জসপ্রিত বুমরাহ ও বৈভব সূর্যবংশী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গৌহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে হারের পেছনে পরিকল্পনা অনুযায়ী বোলিং না করতে পারাকে দায়ী করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল মাত্র ১১ ওভারে।

এমন ম্যাচেই ব্যাটিং করতে নেমে ইয়াসভি জয়সাওয়াল ও বৈভব সূর্যবংশী মাত্র পাঁচ ওভারে ৮০ রান তুলে নেন। এই ঝড়ো সূচনার ধাক্কা আর সামাল দিতে পারেনি আইপিএলের পাঁচবারের শিরোপাজয়ী দলটি। তারা শেষ পর্যন্ত হেরে যায় ২৭ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, ‘জয়সওয়াল ও সূর্যবংশীর জন্য আমাদের কিছু পরিকল্পনা ছিল, কিন্তু আমরা মনে করি সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। এ ধরনের ম্যাচে ব্যবধান খুবই সামান্য হয়। ছেলেরা ভালো অনুশীলন করছে। আমরা ঝুঁকিটা জানতাম, বিশেষ করে বৃষ্টির কারণে ম্যাচ ছোট হয়ে গেলে শুরুতেই আক্রমণাত্মক খেলার সুযোগ থাকে। আমার মনে হয় আমরা লাইন ও লেংথ ঠিক রাখতে পারিনি, আর তারা দারুণ খেলেছে।’

সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক আরও মনে করেন, ব্যাটিংয়ে আরও ভালো করলে ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। শুধু একটি জুটির অভাব বোধ করেছেন তিনি। শেষের দিকে কয়েকটি ছক্কা হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতো বলেও দাবি জয়াবর্ধনের।

তিনি বলেন, ‘আমাদের শুধু কয়েকটি ভালো জুটি দরকার ছিল। আমরা শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলি এবং গতি হারাই। শেষের দিকে তাকালে দেখা যাবে পার্থক্যটা ছিল চারটি ছক্কা। আমাদের জন্য সেটা ছিল চারটি বড় শট, কিন্তু আমরা সেটা খুঁজে পাইনি।’

জয়াবর্ধনে আরও যোগ করেন, ‘আমরা কোনো ছন্দে ফিরতে পারিনি বা কেউ দ্রুত ৩০ বা ৪০ রান করতে পারেনি। তবুও আমরা কখনো ভাবিনি ম্যাচটি আমাদের নাগালের বাইরে চলে গেছে। এই ছোট ছোট জায়গাগুলোই পার্থক্য গড়ে দেয়। আজ তারা সত্যিই ভালো খেলেছে। আমরা যথেষ্ট ভালো ছিলাম না, আর এখানেই আমাদের কাজ করতে হবে।’

আরো পড়ুন: