আইপিএলে ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে হেইডেনকে

আইপিএল
ম্যাথু হেইডেন, ফাইল ফটো
ম্যাথু হেইডেন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের দল গুজরাট টাইটান্স। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাবেক এই ব্যাটিং কোচের নিয়োগের খবর নিশ্চিত করেছে টাইটান্স কর্তৃপক্ষ।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার অজেয় দলের অন্যতম সদস্য ছিলেন হেইডেন। সব ফরম্যাট মিলিয়ে ২৭৩ ম্যাচ খেলে ১৫ হাজারের বেশি রানও আছে তার ঝুলিতে। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ না পেলেও হেইডেনের ব্যাটিংয়ে টি-টোয়েন্টির ঝাঁঝ ছিলো ওয়ানডে আর টেস্টে। যার ফলে ২০০৭ সালে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও আইপিএলে বেশ কদর ছিলো তার।

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অজি। চেন্নাইয়ের জার্সিতে ৩২ ম্যাচ খেলে এক হাজার ১০৭ রান ঝুলিতে আছে হেইডেনের। এবার সেই আইপিএলেই কোচ হিসেবে নতুন যাত্রা শুরু হচ্ছে তার। যদিও ২০২১ সালেই পাকিস্তানের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল তার।

কোচ হিসেবে বৃত্তান্ত খুব বেশি সমৃদ্ধ নয় হেইডেনের। যদিও পাকিস্তানের দায়িত্ব নেবার পরই দলকে নিয়ে গিয়েছিলেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। খেলোয়াড় হিসেবে হেইডেনের অভিজ্ঞতা ও অর্জনের পাশাপাশি তার মেন্টরশিপেও আস্থা রাখছে গুজরাট টাইটান্স।

বিজ্ঞপ্তিতে গুজরাট জানায়, 'সর্বোচ্চ পর্যায়ে খেলায় তার (ম্যাথু হেইডেন) অভিজ্ঞতা এবং উদীয়মান প্রতিভাদের মেন্টর করার দক্ষতা এই দুটির সমন্বয় আগামী মৌসুমগুলোতে আমাদের ব্যাটিংয়ের স্বকীয়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুজরাটের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে খুশি হেইডেনও। জানিয়েছেন গুজরাটকে নিয়ে নিজের পরিকল্পনা, 'ভালো ব্যাটিং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। আর দুর্দান্ত ব্যাটিং পুরো খেলাটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। গুজরাট টাইটান্সে আমরা ঠিক এমন মানদণ্ডই স্থাপন করতে চাই।'

আরো পড়ুন: