বিপিএলে দল কিনতে চায় পিএসএলের লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি

বিপিএল
সামিন রানা, ক্রিকফ্রেঞ্জি
সামিন রানা, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তামিম ইকবাল থেকে শুরু করে পারভেজ হোসেন ইমন পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার এখন পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই দলটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তাই বহুদিনের। এবার বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক আরো বেশি স্থায়ী করে তুলতে চান লাহোরের কর্ণধার সামিন রানা। আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তেমনটাই জানিয়েছেন তিনি।

মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন সামিন। তবে ব্যাটে-বলে না মিললে কোনোভাবেই বিপিএলে দল কিনবেন না তিনি। তবুও যেকোনোভাবে তিনি যুক্ত থাকতে চান বাংলাদেশের ক্রিকেটে।

সামিন বলেন, 'অবশ্যই বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশের ক্রিকেটের কোথাও অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু আসলে নির্ভর করে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। যদি কোনো সুযোগ থাকে, আমি বিপিএলের অংশ হতে ভালোবাসব।'

নানান জটিলতায় এ বছর অনুষ্ঠিত হবে না বিপিএল। ফ্র্যাঞ্চাইজি সম্পর্কিত বেশ কিছু সমস্যার কারণেই মূলত এবারের বিপিএল আয়োজন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ব্যাপারে ভালোভাবেই জানা আছে সামিনের।

তিনি বলেন, 'বিপিএল একটি চমৎকার টুর্নামেন্ট। আমি জানি এটি কিছু সময় ধরে কঠিন সময় পার করছে এবং আমি জানি এর পেছনে কিছু কারণ রয়েছে। তবে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানে আমাদের যে ধরনের আবেগ রয়েছে, তাতে এই লিগের স্ট্রাগল করা উচিত নয়।'

ত্রিদেশীয় সিরিজ উপভোগ করতে সম্প্রতি দুবাইয়ে অবস্থান করছেন বিসিবি সভাপতি তামিম। সামিন সেখানে আছেন আগে থেকেই। তামিমের আমন্ত্রণে জিম্বাবুয়ে-বাংলাদেশের ওয়ানডে ম্যাচটিও মাঠে বসে দেখেন সামিন। বিপিএলকে খারাপ অবস্থা থেকে টেনে তোলা নিয়ে তামিমকে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

সামিন বলেন, 'তামিম ভাইয়ের সাথে আমার কিছু আলোচনা হয়েছিল অভিজ্ঞতা শেয়ার করার বিষয়ে। যেমন আমি ১১ বছর ধরে পিএসএলের অংশ, সাউথ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগেরও অংশ ছিলাম—আমরা সেই গ্রুপের অংশ ছিলাম। আমি একাধিকবার টি-টেন লিগের অংশ ছিলাম, বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সাথেও কাজ করছি।'

'বছরের পর বছর ধরে আমাদের অনেক জ্ঞান এবং বোঝাপড়া তৈরি হয়েছে। তাই আমরা কিছু চিন্তাভাবনা শেয়ার করছিলাম যে কীভাবে আমরা এটিকে উন্নত করতে পারি। এবং যদি এমন কোনো সুযোগ তৈরি হয় যা উভয় পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে, তবে আমি বিপিএলের অংশ হতে খুবই আনন্দিত হব।'

যদি বিপিএলে দল না কেনেন তাহলেও এক্সচেঞ্জ প্রোগ্রাম বা বিনিময় কর্মসূচির মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পর্ক রাখতে চান সামিন। এই ব্যাপারে বিসিবি সভাপতিকেও অবগত করেছেন তিনি।

সামিন আরও বলেন, 'আমি অবশ্যই যেকোনো সুযোগ কাজে লাগাব। আর বাংলাদেশে আসার বিষয়ে বলতে গেলে, আমি আসতে খুব পছন্দ করব। আশা করি বিপিএলে আমরা কোনো সুযোগ পাব। যদি তা না-ও হয়, তবে বিসিবি-র সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম (বিনিময় কর্মসূচি) করতে চাই। কারণ আমরা সম্প্রতি গায়ানার সাথে চুক্তি করেছি, গায়ানা ইউথ অ্যান্ড কালচার মিনিস্ট্রির সাথে চুক্তি করেছি এবং তারা তাদের প্লেয়ারদের পাঠাবে।'

'জিম্বাবুয়ের ৮ জন প্লেয়ার ৬ সপ্তাহের জন্য ইসলামাবাদ হাই পারফরম্যান্স সেন্টারে ছিল। তাই বাংলাদেশ থেকেও যদি তারা মনে করে, তবে পাকিস্তানে আসা এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করতে আমি ভীষণ আনন্দিত হব। এটাই আমার পরিকল্পনা।'

আরো পড়ুন: