জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় ১০২ রানে। এর ফলে ৬৩ রানের জয়ে এশিয়ান গেমসের ব্রোঞ্জ নিশ্চিত করে শ্রীলঙ্কা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানেই টাইগাররা হারিয়ে ফেলে ৪ উইকেট। এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল। পারভেজ হোসেন ইমন ২০ ও ইয়াসির আলী রাব্বি ২১ রান করলেও তাদের কেউই থিতু হয়ে ইনিংস লম্বা করতে পারেননি।
এর মধ্যে বাংলাদেশের প্রথম তিন ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান ও লিটন দাস ফেরেন শূন্য রানে। শেষদিকে নাসুম আহমেদ একা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। নাসুম ২৮ বলে ২৬ রান করে আউট হন। শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুশারা, থারিন্দু, ও বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান নেন দুটি করে উইকেট। দুশান হেমন্তও সাহান আরাচ্চিগে নেন একটি করে উইকেট।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারে শেখ মেহেদী হাসানের এক ওভারেই ২ উইকেট হারায় তারা। শেখ মেহেদী আউট করে দেন সিনেথ জয়াবর্ধনে ও লাসিথ ক্রুসপুলেকে। এরপর অভিষিক্ত আলিস আল ইসলাম নিজের দ্বিতীয় ওভারেই নুয়ান্দু ফার্নান্দোকে ফিরিয়ে দেন। সোহান ডি লিভেরার রানআউটে ২১ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা।
এরপর শাহান আরাচ্চিগে ও আসেন বান্দারা পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। ২৪ বলে ১৮ রান করা বান্দারাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। তার টসড আপ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে মিড উইকেটে মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন বান্দারা।
ষষ্ঠ উইকেটে আরাচ্চিগের সঙ্গে জুটি গড়ে শ্রীলঙ্কার ইনিংস এগিয়ে নেন থারিন্দু রত্নায়েকে। দুজন মিলে গড়ে তোলেন বড় সংগ্রহের ভিত। ১৮তম ওভারে রিশাদ হোসেনের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দেন থারিন্দু। রিভার্স সুইপে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মেরে ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ওই ওভারেই দুটি ছক্কা ও দুটি চারে ২১ রান নেন এই লঙ্কান ব্যাটার।
তবে ওভারের শেষ বলে জীবন পান থারিন্দু। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার কাছে সহজ ক্যাচ নিতে পারেননি পারভেজ হোসেন ইমন। এরপর বল হাতে চেনা রূপে ফেরেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে ২৫ রান খরচ করলেও দ্বিতীয় ওভারে দেন ১১ রান। তৃতীয় ওভারে এসে ৩২ বলে ৬৫ রান করা থারিন্দুকে ফিরিয়ে ভাঙেন ৯৩ রানের জুটি।
দুশান হেমন্থকেও আউট করেন মুস্তাফিজ। ইনিংসের শেষ ওভার করতে আসেন সাইফ হাসান। ওভারের তৃতীয় বলেই ৩৩ রান করা আরাচ্চিগেকে বোল্ড করেন তিনি। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন এই লঙ্কান ব্যাটার। পরের বলে বিজয়কান্ত বিয়াশকান্তকেও বোল্ড করেন সাইফ।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদী , মুস্তাফিজুর ও সাইফ ২টি করে উইকেট নিয়েছেন। রিশাদ ও আলিস নিয়েছেন ১টি করে উইকেট।