ইনিংস ও ৪১৩ রানে হেরে বাংলাদেশ ‘এ’ দলে ‘৭’ পরিবর্তন

বাংলাদেশ ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফর
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম চার দিনের ম্যাচে কোডি ইউসুফ, জেরাল্ড কোয়েতজি, শেপো মোরেকির পেস আগুনে পুড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসের একটিতেও দাঁড়াতে পারেননি নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেনরা। ব্যাটারদের ব্যর্থতায় সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

এমন হারের পর স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম চার দিনের ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। দ্বিতীয় ম্যাচের আগে বাদ পড়েছেন ৬ ক্রিকেটার। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে সেই তালিকায় আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, আনামুল হক, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অ্যালিন।

প্রথম ম্যাচের দল থেকে টিকে গেছেন নাইম শেখ, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ এবং ওপেনার জয়। দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৪ সদস্যের স্কোয়াড। অর্থাৎ ছয়জনকে বাদ দিলেও যুক্ত করা হয়েছে সাত ক্রিকেটারকে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হওয়া তাওহীদ হৃদয় ডাক পেয়েছেন দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াডে। ডানহাতি ব্যাটারের সঙ্গে আছেন রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সাউথ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে তিন দিনেই প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। সফরকারীদের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে ৩০ আগষ্ট থেকে, পচেফস্ট্রুমে। পরবর্তীতে আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে।

দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল— নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরো পড়ুন: