হেডকে নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না তাসকিন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
তাসকিন আহমেদ ও ট্রাভিস হেড, ফাইল ফটো
তাসকিন আহমেদ ও ট্রাভিস হেড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ট্রাভিস হেড এখন অন্যতম বড় ভরসার নাম। তিন সংস্করণেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত বাঁহাতি এই ব্যাটার। শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করতে পারেন তিনি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও হেডকে সামলানো বাংলাদেশের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে তাকে নিয়ে আলাদা করে কোনো বাড়তি চাপ নিতে চান না তাসকিন আহমেদ।

নিজের দীর্ঘদিনের বোলিং পরিকল্পনা ও অনুশীলনের ওপর আস্থা রেখেই অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে সামলাতে চান বাংলাদেশের পেসার। ডারউইনে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেডকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান তাসকিন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের বিপক্ষে বোলিং করা কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি। তবে প্রতিপক্ষের ব্যাটারের মান অনুযায়ী নিজের পদ্ধতি বদলানোর প্রয়োজন দেখছেন না এই পেসার।

‘কোনো সন্দেহ নেই, সে বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট আর বলেরই খেলা। তাই আমি গত কয়েক বছর যেভাবে করে আসছি, সেই প্রক্রিয়াই অনুসরণ করে যাব। কাজটি সহজ হবে না, তবে এর চেয়ে বেশি তো আর কিছু করার নেই। তাই আমি নিজের প্রক্রিয়ায় অনড় থাকব। দেখা যাক বাকিটা কী হয়।’

হেডকে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা থাকলেও শুধু তাকে কেন্দ্র করে বাংলাদেশের বোলিং পরিকল্পনা সাজানো হবে না বলে জানিয়েছেন তাসকিন। অস্ট্রেলিয়ার পুরো ব্যাটিং লাইনআপের জন্যই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা থাকবে বাংলাদেশের বোলারদের।

তাসকিনের মতে, ম্যাচের দিন পিচ ও পরিবেশের আচরণই ঠিক করে দেবে কোন পরিকল্পনা কতটা কার্যকর হবে। তার মতে শুধু পরিকল্পনা করলেই হবে না, সেটি মাঠে সঠিকভাবে প্রয়োগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তাসকিন আরো বলেন, ‘নির্দিষ্ট দিনে সবকিছু পরিবেশ ও পিচের আচরণের ওপর নির্ভর করে। প্রতিটি ব্যাটারের জন্যই আমাদের অবশ্যই পরিকল্পনা থাকবে। তবে তা পুরোপুরি নির্ভর করছে বাস্তবায়নের ওপর-মাঠে আমরা কীভাবে সেটা প্রয়োগ করছি। আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের সত্যিই দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।’

আরো পড়ুন: