প্রায় প্রতি বছরই বিপিএল গভর্নিং কাউন্সিলে পরিবর্তন আসে। দায়িত্ব পেয়েই ভালো মানের বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে থাকেন কর্মকর্তারা। তবে বিতর্ক আর অব্যবস্থাপনা এড়াতে পারেননি তৎকালীন বোর্ড। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না পেলে তারা বিপিএল আয়োজন করবেন না।
যদিও বিসিবির এমন চিন্তার সঙ্গে একমত নন বাংলাদেশ দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। তিনি মনে করেন বিপিএল না হলে অনেক বড় ক্ষতি হবে। বিশেষ করে যে ক্রিকেটাররা শুধু বিপিএল খেলে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য বড় ধাক্কা হবে বিপিএল না হওয়া। তাই হৃদয়ের চাওয়া বিপিএল হোক।
লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা হৃদয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। তাদের জন্য এটা বড় ক্ষতি। তবে একই সঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক হয়, তাহলে তাদেরও যুক্তি আছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইব যে বিপিএল হোক।'
স্পষ্টভাবে এর কারণও ব্যাখ্যা করেছেন হৃদয়। এক বছর বিপিএলে না হলে অনেকেই খেলার সুযোগ হারাবেন। বিশেষ করে ক্রিকেটার তুলে আনার পেছনে বিপিএলের বড় ভূমিকা থাকে। বিপিএল না হলে সেক্ষেত্রেও বড় শূন্যতা তৈরি হতে পারে বলে ধারণা হৃদয়ের। যদিও এটি তার একান্তই ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন তিনি।
হৃদয় বলেন, 'কারণ অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবেন। যদি এক বছর লিগ না হয়, তাহলে অনেকেই সুযোগ হারাবেন। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিজে চাইব যে বিপিএল হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায় আসে না।'