বিসিবির সম্মাননায় অশ্রুসিক্ত রুবেল, দর্শকদের ভাসালেন আবেগে

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ছেলের সঙ্গে রুবেল হোসেন, বিসিবি
ছেলের সঙ্গে রুবেল হোসেন, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কথা বলছেন রুবেল হোসেন, কিন্তু তার কন্ঠ জড়িয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে শব্দ। চোখের সানগ্লাস দিয়ে লুকানোর চেষ্টা কেন্না। একটা সময় এগিয়ে যান মিরপুরের সেন্টার পিচের দিকে, হাত দিয়ে স্পর্শ করেন, হাত বুলান মাটির উপর। এভাবেই যেন রুবেল প্রকাশ করলেন ক্রিকেটের প্রতি, জাতীয় দলের প্রতি, লাল সবুজ জার্সির প্রতি তার আবেগ-ভালোবাসা। সোমবার বিসিবির বিশেষ সম্মান গ্রহণ করতে এসে রুবেল ভেসেছেন, দর্শকদের ভাসিয়েছেন আবেগে। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সমাপ্তি ঘটলো রুবেল অধ্যায়ের।

২০ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২য় ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচ শুরুর আগে নিজের ছেলেকে নিয়ে হোম অব ক্রিকেটে হাজির হয়েছন সাবেক এই টাইগার পেসার। আগে থেকেই জানানো হয়েছিলো, ম্যাচ শুরুর আগে রুবেলকে দেয়া হবে বিশেষ সম্মাননা। সেটা গ্রহণ করতেই হাজির হয়েছিলেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ উইকেট শিকার করা এই পেসার।

রুবেলকে সম্মাননা দেয়ার সেই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির এড হক কমিটির সভাপতি তামিম ইকবাল, সিইও নিজামউদ্দিন চৌধুরী, গ্রাউন্ডস কমিটির দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বাবু, গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা ফাহিম সিনহা সহ জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা। দেখা গেলো, বিসিবির পক্ষ থেকে একটি ক্রেস্ট রুবেলের সন্তানের হাতে তুলে দেন রফিকুল ইসলাম বাবু। সঙ্গে দেয়া হয় ফ্রেমে বাধাই করা তিন ফরম্যাটের জার্সি।

এ সময় কথা বলতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পরেন রুবেল। জানান, অবসরের ঘোষণা দেয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে ফোণ করেন, বলেন, বিসিবি তাকে সম্মানিত করতে চায়। এই বিশেষ দিনে রুবেল স্মরণ করেন ১২ বছরের লম্বা এই জার্নিতে তার পাশে থাকা প্রত্যেককে।

রুবেল বলেন, 'আমি যখন জাতীয় দল থেকে অবসর নেই তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন এবং আমাকে বলেন, 'রুবেল তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই। বিসিবিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই।'

'২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি। তাকে শুভকামনা জানাই। আমি আজ এখানে দাঁড়িয়ে আমার বাবা-মার জন্য।'

বর্তমান ক্রিকেটারদের পক্ষ থেকে কথা বলেন তাসকিন আহমেদ। স্মরণ করেন তার সঙ্গে রুবেলের কাটানো দারুণ মুহূর্তগুলো। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের ম্যাচ জয়ী পারফরম্যান্সের কথাও মনে করান এই টাইগার পেসার। বলেন, একটা সময় এক্সপ্রেস বোলার হিসেবে রুবেলকেই চিনতেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। উইকেট শিকার করেছেন ১৯৩ টি। ২০০৯ সালে ওডিয়াই তে অভিষিক্ত হওয়া এই পেসার শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ২০২১ সালে। আর তারপর চলতি মাসের ১৫ তারিখ এক ফেসবুক স্ট্যাটাসে দেন নিজের অবসরের ঘোষণা।

আরো পড়ুন: