বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি ও সামর্থ্যের কথা মাথায় রেখেই আগামীকালের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান। প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এমনটাই মনে করছেন পাইবাস। ফলে প্রতিপক্ষের কাছ থেকে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে পাইবাস বলেন, 'বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব সংস্করণেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি।'
'ভুল করার কোনো সুযোগ নেই। তাই আমরা প্রস্তুত হয়েই বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচে নামব, গত ম্যাচে হেরে তারা নিশ্চিতভাবেই কিছুটা ব্যথিত হয়ে আছে। তাই আমাদের তাদের জন্য প্রস্তুত থাকতে হবে।'
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, 'মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।'
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৯৪ রান করে আফগানরা। জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছে ১৩৬ রানে। এর ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়ের একটি করে জয় রয়েছে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে আফগানিস্তান জিতলে তাদের সঙ্গে ফাইনালে যাবে জিম্বাবুয়ে। আর হারলে সেক্ষেত্রে আফগানিস্তান ও বাংলাদেশ ফাইনাল হওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪১ রানে জিতলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে বাংলাদেশ। আফগানিস্তান শেষ ম্যাচে ২১৬ রানে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। এর চেয়ে বেশি রানের ব্যবধানে হারলেই কেবল ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যাবে আফগানিস্তান।
জিম্বাবুয়ের ফাইনালে ওঠার সমীকরণ হলো, বাংলাদেশ যদি আফগানিস্তানকে ৩৯ বা এর চেয়ে কম রানে হারায়, তাহলে ফাইনালে উঠবে জিম্বাবুয়ে। এ ছাড়া বাংলাদেশ ২১৮ বা এর চেয়ে বেশি রানের ব্যবধানে জিতলেও ফাইনালে উঠবে জিম্বাবুয়ে। তবে বাংলাদেশ ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে জিতলে বিদায় নিতে হবে জিম্বাবুয়েকে।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে সমীকরণটি হবে ভিন্ন। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৫০ রান করলে ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে ২৫১ রান তাড়া করে জিততে হবে।
গতকালের ম্যাচ শেষে ফাইনালে ওঠার হিসাব নিয়ে প্রশ্ন করা হলে জিম্বাবুয়ের প্রতিনিধি ব্রায়ান বেনেট বলেন, 'না, (সমীকরণ নিয়ে) আমার একদমই ধারণা নেই।'