মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের কারণে এতদিন মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তদন্তের সুরাহা না হলেও মাঠে ফেরার অনুমতি পাচ্ছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। প্রেসিডেন্টস ট্রফির গ্রেড- ওয়ানের শেষ রাউন্ডে খেলবেন রিজওয়ান। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে প্রেসিডেন্টস ট্রফির গ্রেড- ওয়ানের শেষ রাউন্ড। খান রিসার্চ ল্যাবরেটরিসের বিপক্ষে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) হয়ে খেলবেন রিজওয়ান। সেই ম্যাচে দলকে নেতৃত্বও দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট পরিচালকের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই রিজওয়ানের খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মুখে পড়ার কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি। যদিও ইংল্যান্ড থেকে ফেরার পর এসএনজিপিএল দলে যোগ দিয়েছিলেন রিজওয়ান।

৩৪ বছর বয়সী ব্যাটার দলের হয়ে অনুশীলনেও যোগ দিয়েছিলেন। এমনকি দলের একটি সভাতেও যোগ দিয়েছিলেন তিনি। শান মাসুদের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবেও মাঠে নামার কথা ছিল ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে পিসিবির নির্দেশে লাহোরে ফেরেন তিনি। জানা গেছে, রিজওয়ান ও পিসিবির মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্টস ট্রফির অংশগ্রহণের ব্যাপারে যোগাযোগ করেননি রিজওয়ান। মূলত নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার অনুমতি চেয়ে পিসিবির কাছে অনাপত্তি পত্র চেয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। শোনা গেছে, একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিও করেছেন তিনি।

এখনো পিসিবি থেকে কোনো ধরনের উত্তর পাননি রিজওয়ান। বিভিন্ন সূত্রের মতে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলা চলাকালীন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বোর্ড থেকে অনুমতি দেওয়া হবে না। তবে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ড শেষ হওয়ার পরই এনপিএলে খেলার অনুমতি পেতে পারেন রিজওয়ান।

আরো পড়ুন: