মুম্বাইয়ের হয়ে নতুন ঘরোয়া মৌসুমের প্রস্তুতির সময় বিষয়টি সামনে আসে। উইকেটকিপিং গ্লাভস হাতে জয়সাওয়ালের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। তবে ব্যাটিংয়ের পাশাপাশি নিয়মিত উইকেটকিপিং করবেন কি না, কিংবা এই দক্ষতা দিয়ে জাতীয় দলে নতুন কোনো সুযোগ তৈরির পরিকল্পনা আছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
জয়সাওয়ালের উইকেটকিপিং শেখার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাইয়ের অধিনায়ক সিদ্ধেশ । ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, 'আমার মনে হয়, ইয়াশভি উইকেটকিপিং শুরু করার জন্য বেশ চেষ্টা করছে। ওর কাছ থেকেই এমনটা শুনেছি। মুম্বাইয়ের হয়ে কিংবা ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করাই ওর লক্ষ্য। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু আমি জানি না।'
সীমিত ওভারের ক্রিকেটে ওপেনিংয়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় জয়সাওয়ালের জন্য জায়গা করে নেওয়া সহজ নয়। ওয়ানডেতে ভারতের দলে সুযোগ পেলেও টি-টোয়েন্টি দলে নিয়মিত হতে পারেননি তিনি। দুই সংস্করণেই ওপেনিংয়ে একাধিক বিকল্প থাকায় জাতীয় দলের দরজা খোলা রাখতে বাড়তি দক্ষতা অর্জনের চেষ্টা করছেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
জয়সাওয়ালের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সিদ্ধেশ । তিনি বলেন, 'হয়তো নিজের মূল শক্তি ব্যাটিংকে আরও কার্যকর করতেই নতুন এই দক্ষতা যোগ করতে চাইছে ইয়াশভি। আমাদের একটি প্রস্তুতি ম্যাচেও ও উইকেটকিপিং করেছে। ওর পরিকল্পনা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই। তবে ক্রিকেটীয় দক্ষতায় নতুন মাত্রা যোগ করা খারাপ কিছু নয়। কখন, কোথায় সুযোগ চলে আসে, তা তো বলা যায় না। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও ওর খেলায় বাড়তি মূল্য যোগ করতে পারে।'
এদিকে ১১ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন রঞ্জি ট্রফি মৌসুম শুরু করবে মুম্বাই। ৪২ বারের চ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন সিদ্ধেশ , সহ-অধিনায়ক আয়ুশ মাত্রে। মৌসুম শুরুর আগে জয়সাওয়ালের উইকেটকিপিং অনুশীলন বাড়তি আগ্রহ তৈরি করেছে ভারতীয় ক্রিকেটে।