বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা লাগার পরদিন ম্যাচ থেকেই ছিটকে গেলেন ওয়েদারাল্ড

অস্ট্রেলিয়া ক্রিকেট
জেইক ওয়েদারাল্ড, ফাইল ফটো
জেইক ওয়েদারাল্ড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের মিশন শুরু করেছিলেন জেইক ওয়েদারাল্ড। তবে শেফিল্ড শিল্ডের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই চোটের কারণে থামতে হলো বাঁহাতি এই ওপেনারকে। ফিল্ডিংয়ের সময় বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

৭ অক্টোবর মেলবোর্নের জাংশন ওভালে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলছিলেন ওয়েদেরল্ড। ম্যাচের প্রথম সকালে অলিভার পিকের কভার ড্রাইভ থামাতে গিয়ে সীমানায় ঝাঁপ দেন তিনি। বল আটকাতে না পারলেও উঠে দাঁড়ান।

তবে ঝাঁপ দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে কয়েক মিটার গড়িয়ে যান ওয়েদারাল্ড। একপর্যায়ে সীমানার পাশে থাকা ধাতব বিজ্ঞাপনের হোর্ডিংয়ের গোড়ায় মাথার পেছনে আঘাত লাগে তার। প্রাথমিকভাবে বড় কোনো সমস্যা মনে না হলেও পরে আঘাতের প্রভাব দেখা দেয়। দিনের বাকি সময়ও ফিল্ডিং করেন তিনি।

ভিক্টোরিয়াকে ২৪৪ রানে অলআউট করার পর শেষ বিকেলে দলের হয়ে ইনিংস উদ্বোধন করেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। কিন্তু ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি, ফিরেছেন শূন্য রানে। এরপর রাতে কনকাশনের উপসর্গ দেখা দিলে ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে তাকে ম্যাচ থেকে সরিয়ে নেয়া হয়।

ওয়েদারাল্ডের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু গিলকেসকে। আপাতত পর্যবেক্ষণে থাকবেন ওয়েদারাল্ড। মাঠে ফেরার আগে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে উপসর্গমুক্ত থাকতে হবে। ফলে ১৯ অক্টোবর অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে শেফিল্ড শিল্ডের পরের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার পথটাও ওয়েদারাল্ডের জন্য সহজ নয়। জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট খেলা এই ওপেনার গত অ্যাশেজে পাঁচ ম্যাচে পেয়েছিলেন মাত্র একটি অর্ধশতক। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও ছিলেন, তবে প্রথম টেস্টে ব্যর্থ হয়ে বাদ পড়েন।

শেফিল্ড শিল্ড শুরুর আগে ঘরোয়া একদিনের ক্রিকেটে অবশ্য ব্যাট হাতে ভালোই প্রস্তুতি নিয়েছিলেন ওয়েদারাল্ড। একটি ম্যাচে ৯২ রান করেছিলেন তিনি। কিন্তু টেস্ট দলে ফেরার অভিযানের শুরুতেই চোটের এই ধাক্কা তার পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।