নিউজিল্যান্ড সফরের আগে ভারতের পেস আক্রমণে বড় ধাক্কা

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
ভারত দল, ফাইল ফটো
ভারত দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতীয় দলে আবারও চোটের ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টেস্টে ভারতের নিয়মিত সদস্য হয়ে ওঠা এই পেসারের নিউজিল্যান্ড সফরে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে প্রসিধকে। চার সপ্তাহ পর তিনি পুরো ছন্দে বোলিংয়ে ফিরতে পারেন বলে জানা গেছে। ফলে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজে তার খেলা এখন অনিশ্চিত।

চোট পাওয়ার পর বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিয়েছেন প্রসিধ। সেখানে তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার সময় তার ফিটনেসই বড় বিষয় হয়ে উঠতে পারে।

২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সামনে রেখে পেস আক্রমণ নিয়ে এমনিতেই চিন্তায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ ও অংশুল কম্বোজকে খেলাতে হয়েছে। তিনজনের কেউই এই মুহূর্তে ওয়ানডেতে ভারতের প্রথম পছন্দের পেসারদের তালিকায় নেই।

এর মধ্যে দীর্ঘদিন ধরেই জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে সতর্ক ভারতীয় দল ও বোর্ড। চোটের কারণে বাইরে হার্শিত রানা ও হার্দিক পান্ডিয়াও। এবার সেই তালিকায় যুক্ত হল প্রসিধের নাম। ফলে ওয়ানডেতে ভারতের পেস আক্রমণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীরকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট। ফলে ওয়ানডে সিরিজের শেষ দিকে টেস্ট দলের নিয়মিত পেসারদের, বিশেষ করে সিরাজকে বিশ্রাম দেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রসিধের অনুপস্থিতি ভারতের দল নির্বাচন আরও কঠিন করে তুলতে পারে।

আরো পড়ুন: