ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে আসালঙ্কার ব্যাট থেকে এসেছে মাত্র ১, ১১ ও ৭ রান। ৮৮ ওয়ানডেতে ৪০.৫৫ গড় থাকা এই ব্যাটারকে তাই আসন্ন সিরিজের দলে রাখেনি শ্রীলঙ্কা। তার সঙ্গে দলে নেই চোটে পড়া অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও।
আসালঙ্কা ও হাসারাঙ্গার জায়গায় দলে ফিরেছেন ব্যাটার আভিশকা ফার্নান্দো ও অলরাউন্ডার সাহান আরাচ্চিগে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকায় দলে ফিরেছেন ফার্নান্দো। চলতি মেজর ক্লাবস সীমিত ওভারের প্রতিযোগিতায় সাত ইনিংসে ৪৪৭ রান করেছেন তিনি, গড় ৬৩.৮৫।
আসালঙ্কার বাদ পড়া অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তার। ইংল্যান্ড সফরে তিনি ছিলেন দলের সহ-অধিনায়ক। নিয়মিত অধিনায়ক কুশল মেন্ডিস চোটের কারণে খেলতে না পারায় টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বও দিয়েছিলেন আসালঙ্কা।
ওয়ানডে দলে কুশল মেন্ডিসের নেতৃত্বে রাখা হয়েছে ইংল্যান্ড সফরের বেশির ভাগ ক্রিকেটারকেই। তবে দলে থাকা পাথুম নিশাঙ্কা ও দুশমন্থ চামিরাকে নিয়ে রয়েছে শঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া নিশাঙ্কা ত্রিদেশীয় সিরিজে খেলবেন চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর। চামিরার খেলাও নির্ভর করছে তার সুস্থতার ছাড়পত্রের ওপর।
আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। রাওয়ালপিন্ডিতে তিন দলের প্রথম পর্বের ম্যাচ শেষে দ্বিতীয় পর্ব হবে লাহোরে। সিরিজের ফাইনাল ৩১ অক্টোবর।
শ্রীলঙ্কা- কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও ইশান মালিঙ্গা।