‘দায় না চাপিয়ে বাংলাদেশের দিকে তাকান’, আকিবকে ভর্ৎসনা আজহারের

পাকিস্তান ক্রিকেট
আজহার আলী ও আকিব জাভেদ, ফাইল ছবি
আজহার আলী ও আকিব জাভেদ, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের একের পর এক ব্যর্থতার পর দল ও ক্রিকেট বোর্ডের ভেতরের অস্থিরতা আরও বেড়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর মাঝ সিরিজে সাত ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছে, বদলেছে কোচিং স্টাফও। এমন পরিস্থিতিতে এবার পাকিস্তানের হাই পারফরম্যান্স পরিচালক ও নির্বাচক আকিব জাভেদের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক আজহার আলী। জাতীয় দল সংশ্লিষ্ট অন্যদের ওপর দায় না চাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ধারা থেকে শিক্ষা নেবার আহ্বানও জানিয়েছেন সাবেক এই ওপেনার।

আকিবের সমালোচনার মূল কারণ, দলের ব্যর্থতার দায় তিনি অধিনায়ক বাবর আজম ও কোচ সরফরাজ আহমেদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন আজহার। আকিব অবশ্য সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, দল নির্বাচনের দায় নির্বাচক কমিটির হলেও ম্যাচের একাদশ ও খেলোয়াড়দের সমন্বয়ের সিদ্ধান্ত অধিনায়ক ও প্রধান কোচের। তার এই বক্তব্যই আরও ক্ষুব্ধ করেছে আজহারকে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আজহার আলী বলেন, 'গত তিন বছর ধরে আমরা এমন অনেক ভুল সিদ্ধান্ত দেখে আসছি। দলের পারফরম্যান্সের দায় তাকে নিতে হবে এবং তার বিচারবুদ্ধি নিয়েও প্রশ্ন তোলা উচিত। আমি এই সপ্তাহে তার সাক্ষাৎকার শুনেছি। সেখানে তিনি সরফরাজ ও বাবরের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন, অথচ কয়েক মাস আগেই তিনিই তাদের নিয়োগ দিয়েছিলেন।'

ইংল্যান্ড সফরে পাকিস্তানের সাম্প্রতিক অবস্থাও আজহারের সমালোচনাকে আরও জোরালো করেছে। হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে ১৯৪ রানে হারের পর পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে। এরপরই সাত ক্রিকেটারকে বাদ দেওয়া এবং সরফরাজকে প্রধান কোচের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

আজহার মনে করেন, বারবার সিদ্ধান্ত নেওয়ার পর তা ব্যর্থ হলে অন্যদের দায়ী না করে সিদ্ধান্তগ্রহণকারীদের নিজেদের দিকে তাকানো উচিত। আকিবের নেওয়া সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেটের বর্তমান সংকট থেকে বের হতে হলে দায়িত্বশীল ব্যক্তিদের নিজেদের ভূমিকা নিয়ে জবাবদিহি করতে হবে।

এরপর বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রসঙ্গ টেনে আজহার বলেন, ‘কেন পাকিস্তানে ফাস্ট বোলার উঠে আসছে না, সেই প্রশ্ন আমাদের করতে হবে। বাংলাদেশের দিকে তাকান। তারা ঘরের মাঠে শুধু স্পিনের ওপর নির্ভর করে সন্তুষ্ট থাকেনি। ক্রিকেটে আরও এগিয়ে যেতে চেয়েছে এবং একদল ফাস্ট বোলার তৈরি করেছে, যারা সবশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট জিতিয়েছে। শুধু এমনিতেই সবকিছু হয়ে যাবে—এমন আশা করলে চলবে না।'

তিনি আরও বলেন, 'তার প্রতিটি সিদ্ধান্তই ব্যর্থ হচ্ছে, অথচ পরে তিনি বলছেন, ‘এটা আমার সিদ্ধান্ত নয়।’ আগে নিজের দিকে তাকাতে হবে। আর আপনি যদি এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, পাকিস্তান ক্রিকেটে কোনো পরিবর্তন আনতে না পারেন, তাহলে সরে দাঁড়ান।'

আরো পড়ুন: