‘ভয় পেয়েই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণশক্তির দল দিয়েছে ভারত’

ভারত-আফগানিস্তান সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টানা সিরিজ হারের পর ভারতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। সেই ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রায় পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হবে সিরিজটি। তবে দলে থাকা চার ক্রিকেটার জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর এখনো ম্যাচ খেলার ছাড়পত্র পাননি।

এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার মতে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি তরুণদের সুযোগ দেওয়ার আদর্শ জায়গা ছিল। কিন্তু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ব্যর্থতার পর ভারতীয় নির্বাচকেরা ফল নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বলেই পূর্ণশক্তির দল বেছে নিয়েছেন।

ভারত আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৪-০ ব্যবধানে হারে তারা। এই দুই ব্যর্থতার পর মুম্বাইয়ে বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকও হয়। অন্যদিকে জুলাইয়ে দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। শ্রীকান্তের মতে, এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষেই আরও বেশি তরুণকে সুযোগ দেওয়া উচিত ছিল।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, 'আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সিরিজ হারের পর নির্বাচকেরা আর কোনো ঝুঁকি নিতে চাননি। তাই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণশক্তির দল নেওয়া হয়েছে। কিন্তু এটা ভুল সিদ্ধান্ত। আফগানিস্তানের মতো দলের বিপক্ষেই তরুণদের সুযোগ দেওয়া উচিত। আমার মনে হচ্ছে, ভয় থেকেই পূর্ণশক্তির দল বেছে নেওয়া হয়েছে।'

আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। তার সহকারী তিলক ভার্মা। দলে ফিরেছেন সাঞ্জু স্যামসনও। এছাড়া তরুণ বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা ও ইশান কিশানদের মতো ক্রিকেটাররাও আছেন। তবে বুমরাহ, হর্ষিত, নীতিশ ও সুন্দরকে রাখা হয়েছে ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে।

এই চারজনের ম্যাচ ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তাঁর মতে, শুধু বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় পাস করাই আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যথেষ্ট নয়। শ্রীকান্ত বলেন, 'এই চারজন এখনো ম্যাচ ফিটনেস প্রমাণ করেনি। তাহলে কীসের ভিত্তিতে তাদের ফিট ধরা হচ্ছে? শুধু বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস প্রমাণ করলেই কি আপনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত? ম্যাচ ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ।'

তবে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই বলেও জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। তার আপত্তি মূলত ম্যাচ ফিটনেস নিশ্চিত হওয়ার আগেই তাদের দলে নেওয়া নিয়ে। বিশেষ করে সামনে এশিয়ান গেমস থাকায় খেলোয়াড়দের নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন ছিল বলেই মনে করেন তিনি। আফগানিস্তান সিরিজকে তরুণদের পরখ করার সুযোগ হিসেবে কাজে লাগালে ভারতের ভবিষ্যৎ দল গঠনে সেটি আরও কার্যকর হতে পারত।

আরো পড়ুন: