ক্রোকোম্বের আগে এমন কীর্তি আছে জর্জ ফ্রিম্যান, জোগিন্দর রাও, মাইক প্রক্টর, ডিন হ্যাডলি, ওয়াসিম আকরাম এবং দীপক ধাপোলার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ক্রোকোম্বে। ডানহাতি পেসারের মতো প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যানিউরিন ডোনাল্ড। ইংলিশ ওপেনার আছেন টি-টোয়েন্টি দলে।
টি-টোয়েন্টি ব্লাস্টে ডার্বিশায়ারের হয়ে ২৩০.৬৬ স্ট্রাইক রেটে ৪৮৯ রান করেছেন। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ২৯ বছর বয়সী ওপেনার চারটি হাফ সেঞ্চুরিও করেছেন। এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৪২৩ রান করেছেন ডোনাল্ড। এদিকে ক্রোকোম্বে ৩৬ লিস্ট ‘এ’ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন। গত নিউজিল্যান্ড সিরিজেরে দ্বিতীয় টেস্টে ওলি রবিনসনের ব্যাকআপ হিসেবে ছিলেন তিনি।
তাদের দুজনকে দলে নেওয়া প্রসঙ্গে নির্বাচক মার্কাস নর্থ বলেন, ‘অ্যানিউরিন ডোনাল্ড ও হেনরি ক্রোকোম্বের মতো উদীয়মান দুজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জায়গা পেয়েছেন। ভাইটালিটি ব্লাস্টে ডার্বিশায়ারের হয়ে অ্যানিউরিন দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন। এমনকি দ্য হান্ড্রেডেও ট্রেন্ট রকেটসের হয়ে ভালো করেছেন। হেনরি এমন একজন যার উপর পুরো গ্রীষ্মে আমাদের নজর ছিল।’
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নেই ফিল সল্ট। চলতি সপ্তাহের শুরুতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন জ্যাকব বেথেল। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন ইংল্যান্ডের তরুণ এই ক্রিকেটার। ফলে তাকেও পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কা সিরিজে। উরুর চোটে ভারত সিরিজে না থাকা জেমি ওভারটন ফিরেছেন দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ১৫ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ চেস্টার-লি-স্ট্রিট, দ্বিতীয় ওয়ানডে লিডস এবং শেষ ম্যাচটি হবে দ্য ওভালে।
টি-টোয়েন্টি স্কোয়াড— হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডওসন, অ্যানিউরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ এবং জশ টাং।
ওয়ানডে স্কোয়াড— হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট এবং জশ টাং।