প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে হবে: গম্ভীর

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
গৌতম গম্ভীর, ফাইল ফটো
গৌতম গম্ভীর, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা সফরে নামছে ভারত। দুই ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের শতভাগ প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। প্রতিপক্ষ যে পরিকল্পনা নিয়েই আসুক, মাঠে যেন তার সব উত্তর প্রস্তুত থাকে-এমন লক্ষ্য নিয়েই দলকে অনুশীলনে নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া সরাংশ জৈন ও আকিব নবীকেও কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কোচ।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই ঘরের মাঠে গত বছর সাউথ আফ্রিকার কাছে হারের পর আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান শক্ত করার মিশনে নামছে ভারত। বর্তমানে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের পেছনে অবস্থান করছে ভারত।

সিরিজের আগে খেলোয়াড়দের উদ্দেশে গম্ভীর বলেন, ‘আমরা জানি আমাদের সামনে কী আছে, আমরা জানি কীসের জন্য খেলছি। আমরা কঠোর পরিশ্রম করতে পারি, নিজেদের সীমা ছাড়িয়ে যেতে পারি এবং প্রস্তুতির প্রতিটি ধাপ সম্পন্ন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট সকালে আমরা আগে ব্যাট করি বা বল করি, যাই হোক না কেন, যেন প্রতিটি পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত থাকি। মাঠে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রস্তুতি আমাদের থাকতে হবে। তাই এখন থেকেই নিশ্চিত করতে হবে, প্রস্তুতির কোনো ঘাটতি যেন না থাকে।’

এবারের ভারতীয় দলে রয়েছে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়। জাসপ্রিত বুমরাহর চোটে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার নবী। গত রঞ্জি ট্রফিতে ৬০ উইকেট নিয়ে দলকে প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার সরাংশ।

নতুন দুই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘প্রথমেই সরাংশকে অভিনন্দন। এখানে পৌঁছাতে তুমি অনেক কঠোর পরিশ্রম করেছ। সুযোগ পেলে এমনভাবে খেলো, যাতে তোমার পরিবার ও দেশ গর্বিত হতে পারে। আর আকিবকেও অভিনন্দন। গত মৌসুমে তুমি অসাধারণ পারফরম্যান্স করেছ এবং জম্মু-কাশ্মীরকে রঞ্জি ট্রফির শিরোপা জিতিয়েছ। এটি বড় একটি অর্জন। আবারও তোমাকে অভিনন্দন।’

আরো পড়ুন: