গত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয়বারের মতো টেস্ট দলের অধিনায়ক হিসেবে জো রুটের নাম ঘোষণা করে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা ৩৫ বছর বয়সী ব্যাটার এবার স্টোকসের অবসরের পর আবারও নেতৃত্বে ফিরেছেন। স্টোকসের বিদায়ের পর সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হলেও, শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই রুটকে দায়িত্ব দেয় ইসিবি।
রুট অবশ্য জানিয়েছেন, ২০২২ সালে অধিনায়কত্ব ছাড়ার সময়ের চেয়ে এখন তিনি অনেক বেশি পরিণত। তবে স্টোকসের উদ্বেগ অন্য জায়গায়।
স্টোকস বলেন, 'আমি রুটিকে খুব ভালোবাসি। আমি চাই সে অধিনায়ক হিসেবে অনেক সাফল্য পাক। আমি বিশ্বাস করি, সে এই দায়িত্ব উপভোগ করবে।'
এরপরই নিজের শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, 'আমি জোকে শুধু একটি কথাই বলেছি আমার একমাত্র চিন্তা তুমি। কারণ আমি দেখেছি, আগেরবার অধিনায়ক থাকাকালে সে কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সে সবসময় দলকে সবার আগে রাখে, নিজের কথা পরে ভাবে।'
স্টোকস আরও বলেন, 'আগের মেয়াদে সে যে চাপের মধ্যে ছিল, সেটা আমি আর কখনো দেখতে চাই না। কারণ আমি জোকে খুবই মূল্য দিই।'
রুটের দ্বিতীয় মেয়াদের প্রথম দায়িত্ব হবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ১৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিরিজটি। তবে পারিবারিক কারণে নিউজিল্যান্ডে থাকবেন নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। ফলে প্রথম সিরিজে কোচের পূর্ণ সঙ্গ পাচ্ছেন না ইংল্যান্ডের নতুন অধিনায়ক।