এই ম্যাচে সাদার্ন ব্রেভের হয়ে খেলেছেন জেমিমাহ, আর বার্মিংহ্যাম ফিনিক্সের প্রতিনিধিত্ব করেছেন ফাতিমা। খেলা শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটারেরা নিয়মমাফিক একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সময়ই সবার নজর ছিল ভারত ও পাকিস্তানের এই দুই ক্রিকেটারের দিকে।
ভিডিওতে দেখা যায়, জেমিমাহ এগিয়ে গিয়ে প্রথমে ফাতিমার সঙ্গে হাত মেলান। এরপর দুজন একে অপরকে আলিঙ্গন করেন এবং হাসিমুখে সংক্ষিপ্ত কথোপকথনের পর নিজ নিজ সাজঘরের দিকে ফিরে যান। এই মুহূর্তই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির পর সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। ২০২৫ সালে কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহের পর বিভিন্ন প্রতিযোগিতায় দুই দেশের ক্রিকেটারদের মধ্যে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় থেকেও বিরত থাকার নজির দেখা গেছে। শুধু পুরুষদের নয়, নারী ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটেও একই চিত্র ছিল।
এই ঘটনার পর মতভেদও স্পষ্ট হয়েছে। একাংশের দাবি, দেশের অন্য ক্রিকেটারেরা যে অবস্থান অনুসরণ করছেন, জেমিমাহও সেটিই মানা উচিত ছিল। তাদের কেউ কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও তুলেছেন।
অন্যদিকে আরেকটি অংশের মত, খেলার মাঠে খেলোয়াড়সুলভ আচরণই করেছেন জেমিমাহ। তাদের মতে, খেলাকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখা উচিত এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন আন্তর্জাতিক ক্রীড়ার স্বাভাবিক সংস্কৃতিরই অংশ।