উত্থান-পতনের মাঝেও শতভাগ দিতে চান সূর্যবংশী

ভারত-জিম্বাবুয়ে সিরিজ
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক পথচলার শুরুটা প্রত্যাশামতো হয়নি বৈভব সূর্যবংশীর। কয়েক মাস আগে আইপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেলেও প্রথম তিনটি ম্যাচের পরই একাদশ থেকে বাদ পড়তে হয়েছে ভারতের তরুণ এই ব্যাটারকে। তবে জিম্বাবুয়ে সফর সামনে রেখে নতুন করে নিজেকে প্রমাণ করার প্রত্যয় জানিয়েছেন এই তরুণ।

আয়ারল্যান্ড সফরের দলে জায়গা না পাওয়ার পর ইংল্যান্ড সফরে তিনটি ম্যাচ খেলার সুযোগ হয় সূর্যবংশীর। তবে ব্যাট হাতে প্রত্যাশিত অবদান রাখতে না পারায় পঞ্চম ম্যাচের আগে দল থেকে বাদ পড়েন। জিম্বাবুয়ে সফরে অবশ্য তিনটি ম্যাচেই তার খেলার সম্ভাবনা রয়েছে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) দেয়া এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ‘গত চার মাসে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এটাই ক্রিকেটের অংশ। এসব চলতেই থাকবে। আমাকে নিজের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দলের জন্য শতভাগ উজাড় করে দিতে হবে।’

দল থেকে বাদ পড়ার পর তাকে কিছুটা আবেগপ্রবণও দেখা গিয়েছিল। তবে কঠিন সময়ে আশপাশের মানুষের সমর্থন তাকে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন সূর্যবংশী। তার মতে, অনুশীলনের প্রতিটি পর্যায়ে কোচদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

সূর্যবংশী বলেন, ‘আমি যেমন অনুশীলন করতে চেয়েছি, কোচরা সব সময় সেই সুযোগ করে দিয়েছেন। এতে আমার খুব ভালো লেগেছে। নিজের ওপর বিশ্বাসও অনেক বেড়েছে।’

জিম্বাবুয়ে সফরে যে মাঠে ভারতের হয়ে নামবেন, কয়েক মাস আগেই সেই মাঠেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন সূর্যবংশী। ফাইনালে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই স্মৃতি এখনো তার কাছে বিশেষ হয়ে আছে।

তরুণ এই ব্যাটার বলেন, ‘এই মাঠ আমার কাছে খুবই স্মরণীয়। কয়েক মাস আগে এখানেই আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলাম। ভারতের হয়ে খেলাটা সবার স্বপ্ন। সেই মাঠে আবার নামার সুযোগ পাওয়াটা দারুণ অনুভূতি। এখানকার পরিবেশ সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জন্য যতটা সম্ভব অবদান রাখতে চাই।’

আরো পড়ুন: