শুক্রবার গ্ল্যামরগানের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়েই নতুন দলের হয়ে যাত্রা শুরু করবেন তিনি। টেস্ট ক্রিকেটে ১৮ ম্যাচে ২২ গড়ে ৭৯ উইকেট নিয়েছেন কুলদীপ, যেখানে তার সেরা বোলিং ৫ উইকেটে ৪০ রান। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি।
ওয়ানডেতেও তার সাফল্য আরও বেশি। এখন পর্যন্ত ১৯৪ উইকেট শিকার করেছেন, যেখানে সেরা বোলিং ৬ উইকেটে ২৫ রান। ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে দারুণ আনন্দিত কুলদীপ। তিনি এই সুযোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে দলের প্রতি। পাশাপাশি এমন ঐতিহ্যবাহী দলের প্রতিনিধিত্ব করতে পেরেও তিনি গর্বিত।
নিজের অনুভূতি প্রকাশ করে কুলদীপ বলেন, ‘ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং এই সুযোগের জন্য কৃতজ্ঞ। ইয়র্কশায়ারের মতো ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিত্ব করা সত্যিই গর্বের বিষয়। ইংল্যান্ডের কন্ডিশনে খেলতে আমি সব সময়ই উপভোগ করি। দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর এখানে যোগ দেওয়ার ব্যাপারে আরও বেশি উৎসাহিত হয়েছি। হেডিংলিতে থাকাকালে দলের জন্য ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে আছি।’
ইয়র্কশায়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্যাভিন হ্যামিলটন বলেছেন, ‘কুলদীপ একজন প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক মানের ক্রিকেটার। এই সূচির ম্যাচগুলোতে সে আমাদের দলকে অনেক শক্তিশালী করবে। এবারের গ্রীষ্ম তুলনামূলক শুষ্ক হওয়ায় মৌসুমের শেষ দিকে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। বাঁহাতি রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ আমাদের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। সর্বোচ্চ পর্যায়ে খেলার তার বিশাল অভিজ্ঞতাও দলের জন্য মূল্যবান হবে। তাকে ইয়র্কশায়ারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’