রোহিত-কোহলিরা খেলতে চাইলে তাদের বাদ দেয়া সম্ভব নয়: অশ্বিন

ভারত ক্রিকেট
বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফাইল ফটো
বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়ানডে ক্রিকেটে খেলতে আগ্রহী থাকলে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার সাহস দেখাতে পারবে না ভারতের টিম ম্যানেজমেন্ট, এমনটাই মনে করছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাদের দীর্ঘ ক্যারিয়ার, অর্জন এবং সমর্থকদের বিপুল সমর্থনই এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে কথা বলেন অশ্বিন। লর্ডসে ৩৮৮ রানের কঠিন লক্ষ্য তাড়ায় রোহিত শর্মা ৮৪ বলে শতক তুলে নিয়ে শেষ পর্যন্ত ১৩৮ রান করেন। যদিও তার এই ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি, তবে অবসরের গুঞ্জনের মাঝেই নিজের সামর্থ্যের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেন ভারত অধিনায়ক।

অশ্বিন বলেন, 'রোহিত কিংবা বিরাট যদি খেলতে চায়, তাহলে তাদের বাদ দেয়া সম্ভব নয়। তাদের অর্জনই সেটি হতে দেবে না। রোহিতের প্রায় ১২ হাজার রান রয়েছে। তাকে বাদ দেয়া সহজ নয়। আর তারা ব্যাটার হওয়ার পাশাপাশি কোটি কোটি মানুষের প্রিয়। মানুষ তাদের খেলা দেখতে মাঠে আসে। তাদের বাদ দিলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে।'

চলতি বছরে টানা আট ইনিংসে বড় রান করতে না পারলেও লর্ডসে রোহিতের ইনিংসকে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অশ্বিন। তার মতে, কঠিন পরিস্থিতিতে এমন ইনিংস খেলে রোহিত আবারও প্রমাণ করেছেন, বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার সামর্থ্য এখনও তার রয়েছে।

অশ্বিনের ভাষায়, 'এটি অসাধারণ একটি ইনিংস। জশ টাংয়ের বলে পুল শট খেলার পর থেকেই তাকে বেশ স্বচ্ছন্দ লাগছিল। আমার মনে হয়, চোট কাটিয়ে এটিই রোহিতের ফেরার পথ। সে যদি আরও কিছুটা আত্মবিশ্বাসী থাকত, তাহলে হয়তো ১৮০ রান করে দলকে জয়ও এনে দিতে পারত। তাকে দারুণ ছন্দেই মনে হয়েছে।'

রোহিতের মতো অভিজ্ঞ একজন ব্যাটারের আর কাউকে কিছু প্রমাণ করার নেই বলেও মনে করেন অশ্বিন। তার মতে, বিষয়টি এখন শুধুই নিজের ভেতরের তাড়নার। তিনি বলেন, 'এখন আর রোহিতের কাউকে কিছু প্রমাণ করার নেই। প্রশ্ন শুধু নিজের ক্ষুধার। বিশ্বকাপ খেলতে চাইলে তাকে এমনভাবেই রান করে যেতে হবে।'

আরো পড়ুন: