বাছাইপর্বে খেলাটা আমাদের প্রত্যাশিত নয়: জাঙ্গু

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ
আমির জাঙ্গু, ফাইল ফটো
আমির জাঙ্গু, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি হারের পর আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। বার্বাডোজে এক উইকেটের হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে বাছাইপর্ব পেরোনোর সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।

চতুর্থ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আমির জাঙ্গু। তার ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ১৮৮ রানের সংগ্রহ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। জাঙ্গুর মতে, দলের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং। কারণ টানা তিনটি ম্যাচেই তারা নির্ধারিত পঞ্চাশ ওভার খেলতে পারেনি।

জাঙ্গু বলেন, 'এই দলে যে মানের খেলোয়াড় রয়েছে, তাতে আমাদের বাছাইপর্বে যাওয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখন এই অবস্থায় আছি। আমাদের ড্রেসিংরুমে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বোলাররা ভালো করছে, তরুণ ভিতেল লজও এই ধারায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন আমাদের সঠিকভাবে খেলতে হবে এবং জয় নিশ্চিত করতে হবে।'

ব্যাটিং ব্যর্থতার দিকটি তুলে ধরে তিনি আরও বলেন, 'টানা তিনটি ম্যাচে আমরা পঞ্চাশ ওভার ব্যাট করতে পারিনি। এটা নিয়ে আমাদের ব্যাটারদের ভাবতে হবে। কোথায় ভুল হচ্ছে, কীভাবে নিজেদের আরও উন্নত করা যায়, সেটি খুঁজে বের করতে হবে। সামনে আরেকটি ম্যাচ আছে, সেখানে এই ভুল শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।'

বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাবনা সামনে রেখে হতাশাও প্রকাশ করেছেন জাঙ্গু। তার ভাষায়, 'এই হার মেনে নেয়া কঠিন, কারণ আমরা জানতাম এই ম্যাচের গুরুত্ব কতটা। কোথায় ভুল করেছি, তা বুঝতে হবে। আমাদের দলে সামর্থ্যের অভাব নেই। সামনে কী নিয়ে কাজ করতে হবে, সেটাও আমরা জানি। বাছাইপর্ব এলে আমরা প্রস্তুত থাকব।'

অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। টানা তিনটি জয় তুলে নিয়ে তারা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে। শেষ ম্যাচে ৮২ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান, আর শেষ উইকেটে অধিনায়ক মিচেল সান্টনারের সঙ্গে জয়ের পথ পাড়ি দেন জেডেন লেনক্স।

আরো পড়ুন: