টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে বুমরাহ-গিলদের বিসিসিআইয়ের নির্দেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
ভারত দল, ফাইল ফটো
ভারত দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সীমিত ওভারের দুই ফরম্যাটে সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টের সবকটির শিরোপা ভারতের ঘরে। কিন্তু টেস্ট ফরম্যাটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। সবশেষ পাঁচটি টেস্ট সিরিজের কেবল একটিতে জিতেছে তারা। এবার তাই টেস্ট ক্রিকেটের প্রতি বাড়তি মনযোগ ও গুরুত্ব দেবার নির্দেশ দেয়া হয়েছে ভারতকে। এমনকি জসপ্রিত বুমরাহকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাকি থাকা সবগুলো টেস্টেই খেলানোর নির্দেশ দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, ভারতের পরবর্তী ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজগুলোতে বিশ্রাম দিয়ে হলেও বুমরাহকে টেস্ট চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ খেলাতে নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করা ভারতকে ফাইনালে তোলাটাই আপাতত বেশি প্রাধান্য পাবে ভারতের জন্য।

‎ভারতের ক্রিকেটে অন্যতম চর্চিত বিষয় এখন তাদের সেরা পেসার বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখা হয়নি এই পেসারকে। সে বছর ইংল্যান্ড সফরের পাঁচ টেস্টের দুইটিতেই বিশ্রামে রাখা হয় টেস্ট ক্রিকেটে বোলারদের র‍্যান্কিংয়ের শীর্ষে থাকা এই পেসারকে।

‎বিসিসিআইয়ের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, 'চেষ্টা হচ্ছে জসপ্রিত বুমরাহকে ফিট রাখতে, যাতে সে সব টেস্ট ম্যাচ খেলতে পারে। সামনে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলার কথা রয়েছে।

মূল চ্যালেঞ্জটা হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টেস্টের জন্য তাকে ফিট রাখাটা। নির্বাচকরা প্রয়োজনে কিছু ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দিতে পারেন।'

‎সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ভারত। টেস্ট ক্রিকেটে দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া গৌতম গম্ভীরের শিষ্যরা ঘরের মাঠে গত দুই বছরে দুইবার হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার কাছে। তাই আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ থাকা সত্ত্বেও টেস্ট ক্রিকেটে ঘুরে দাড়াতেই বেশি আগ্রহী ভারত।

ভারত তাদের পরের দুটি সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। এরপর আগামী বছরের শুরুতে তারা ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাই ছয় নম্বর থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে ফাইনাল খেলাটা বড় চ্যালেঞ্জ ভারতের জন্য।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা আরো বলেন, 'আমাদের মূল লক্ষ্য হচ্ছে টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয়া। আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে, কিন্তু ম্যাচ অনুশীলনের সাথে কিছুরই তুলনা হয় না। সব তারকা খেলোয়াড়দের সেই টেস্টের দলে ডাকা হবে এবং সেই অনুযায়ী তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।'

আরো পড়ুন: