ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া ক্রিকেট
গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো
গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মোট ২১ ক্রিকেটারের এই তালিকায় চমক আছে বেশ কয়েকটি। টেস্ট ফরম্যাটকে প্রাধান্য দিয়ে করা এই তালিকা থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকাও।

গত মৌসুমে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এবারের চুক্তির তালিকা সাজানো হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সী ওপেনার জেক ওয়েদারাল্ড। সবশেষ অ্যাশেজে দারুণ পারফর্ম করে চুক্তিতে ফিরলেন পেসার মাইকেল নিসার। তব্‌ সবশেষ অ্যাশেজের দলে থাকলেও কিছুটা বিস্ময়করভাবে বাদ পড়েছেন জাই রিচার্ডসন।

কিছুটা চমক ছিলো ম্যাক্সওয়েলের বাদ পড়াটা। সবশেষ টি-টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিলো। অজিদের হয়ে এখন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই প্রতিনিধিত্ব করা এই অলরাউন্ডারকে রিকি পন্টিংসহ অনেক সাবেক ক্রিকেটারই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখছেন না। চুক্তি থেকে বাদ পড়াটা তাই অনেকটা ভবিষ্যতেরও ইঙ্গিত।

‎নতুন মৌসুমে টেস্ট পারফর্মারদের গুরুত্ব দিতে গিয়েই জায়গা দেয়া যায়নি শুধুই টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের। টেস্ট ফরম্যাটের খেলোয়াড়দের বাড়তি গুরুত্ব দেবার কারণ আগামী এক বছরে ২০ টি টেস্ট খেলবে অজিরা। সেখানে তাদের সফরসূচীতে আছে মোটে পাঁচটি টি-টোয়েন্টি।

‎গতবারের চুক্তি থেকে বাদ পড়া আরেক বড় নাম উসমান খাওয়াজা। অবসরে যাওয়ায় খাওয়াজার বাদ পড়াটা অবশ্য নিশ্চিতই ছিলো। অন্যদিকে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন স্যাম কনস্টাস, ল্যান্স মরিস ও ম্যাথু শর্টরা। আগামী বছর ভারতে পাঁচ টেস্টের সিরিজকে মাথায় রেখে দীর্ঘদিন পর কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হয়েছে স্পিনার টড মারফিকে।

‎ক্রিকেটারদের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমঝোতা অনুযায়ী মোট ২৪ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার সুযোগ থাকলে এই চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন। তাই মৌসুমের মাঝেও পারফর্ম করে চুক্তিতে ঢোকার সুযোগ থাকছে বাইরে থাকা ক্রিকেটারদের। চুক্তি অনুযায়ী শুধু নির্দিষ্ট বেতন নয়, ক্রিকেট বোর্ডের মোট রাজস্বের ভাগও পেয়ে থাকেন অজি ক্রিকেটাররা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা: প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, ব্রেন্ডান ডগেট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, মাইকেল নিসার, , জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।

আরো পড়ুন: