পোস্ট করতে পিসিবির অনুমতি নিতে হবে আফ্রিদি-বাবরদের

পাকিস্তান ক্রিকেট
পিসিবি
পিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নেওয়াজকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্যের করে ফেঁসে গেছেন নাসিম শাহ। ক্ষমা চাইলেও জরিমানা থেকে রেহাই পাননি পাকিস্তানের তারকা পেসারের। নাসিমের এমন ঘটনার পর ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পোস্ট করতে পিসিবির কাছ থেকে অনুমতি নিতে হবে শাহীন আফ্রিদি-বাবর আজমদের।

ঘটনার শুরুটা হয় চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নেওয়াজ। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে মরিয়ামকে স্বাগত জানাতে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়।

সেই দৃশ্যের ভিডিও শেয়ার করে নাসিমের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়- ‘তাকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’—যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে নিজের একাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করলেও শাস্তি থেকে রেহাই পাননি নাসিম। তারকা পেসারকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

নাসিমের বিতর্কিত কান্ডকে ঘিরে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত নীতি সংশোধন করেছে পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, খেলোয়াড় ও টিম ম্যানেজারকে পিসিবির নতুন এই নীতি কঠোর নীতির কথা জানানো হয়েছে। ক্রিকেটারদের কোনো প্রকার রাজনৈতিক পোস্টই কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না পিসিবির কাছে।

যেকোনো বিতর্কিত পোস্টের জন্য অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে ক্রিকেটারদের। সেই ঘটনাকে কেন্দ্র করে গঠিত হওয়া তদন্ত কমিটির তদন্তে দেখা যায়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। নাসিমের ঘটনা বাকিদের জন্য একটা সতর্কবার্তা বটে।

আরো পড়ুন: