গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তারা ৮ উইকেটে হেরেছে। ১৮১ রান করেও হার থেকে রক্ষা পায়নি অজিরা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। এমন হার এলোমেলো করে দিয়েছে অজিদের। সেটা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
তিনি বলেন, ‘দলটা বেশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ হতাশ আর আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’
শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ৮ ওভারে বিনা উইকেটে ৯৭ তুলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের ১২ ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারায়। মার্শও জানিয়েছেন অস্ট্রেলিয়া পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। এটাকেই ম্যাচ হারের কারণ হিসেবে উল্লেখ্য করেছেন তিনি।
পরিকল্পনা জানিয়ে মার্শ বলেন, ‘পরিকল্পনা কাজে লাগাতে না পারার ফলটা পেয়েছি আমরা। পূর্ণশক্তির এই ব্যাটিং লাইনআপে স্পিনে অস্ট্রেলিয়ার কিছু সেরা খেলোয়াড় আছেন। শ্রীলঙ্কা দারুণভাবে ম্যাচে ফিরেছে। আমরা খুব ভালো শুরু পেয়েও কম রান করেছি। এ রানগুলো আমাদের দরকার ছিল দ্বিতীয় ইনিংসে নামার আগে। এই বিশ্বাসটা ছিল যে পারব, কিন্তু আমরা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছি।’
নিশাঙ্কার প্রশংসা করে তিনি যোগ করেন, ‘নিশাঙ্কা আজ (গতকাল) রাতে দারুণ খেলেছে। আমাদের পরিস্থিতিকে এক পাশে সরিয়ে রেখেও বলা যায় তার খেলাটা দারুণ ছিল। গ্রুপ পর্বের এ পর্যায়ে টান টান রান তাড়ার মধ্যে কেউ যখন বিশ্বকাপের ম্যাচে ৫০ বলে ১০০ রান করে, তখন তাকে সত্যিই সম্মান জানাতেই হয়। তাকে টুপিখোলা অভিনন্দন। অবিশ্বাস্য এক ইনিংস! তার বিপক্ষে আমাদের কাছে কোনো জবাব ছিল না।’