মানজির ঝড়ো হাফ সেঞ্চুরিতে বিশ্বকাপে প্রথম জয় স্কটল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফুটবলের দেশ ইতালির বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মানজির অসাধারণ ব্যাটিংয়ের পর ইনিংসের শেষ দিকে মাইকেল লিস্কের দ্রুত রানের সৌজন্যে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা ইতালিকে ২০৮ রানের বড় লক্ষ্য দেয় স্কটিশরা। জবাবে ইতালি থামে ১৬.৪ ওভারে ১৩৪ রানে। ম্যাচটি ৭৩ রানে হারে দলটি।

সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। তবে শুরু থেকেই তাদের বোলারদের ওপর চাপ তৈরি করেন জর্জ মানজি ও মাইকেল জোনস। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ১২৬ রান, যা স্কটল্যান্ডের বড় স্কোরের ভিত্তি গড়ে দেয়।

৫৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় ৮৪ রান করে মানজির বিদায়ে ভাঙে জুটি। তার উইকেটটি নেন গ্র্যান্ট স্টুয়ার্ট। এরপর দ্রুতই ফিরে যান ৩০ বলে ৩৭ রান করা জোনস। তবে দুই ওপেনারের গড়া ভিতের ওপর ভর করে মাঝের ওভারে দলকে এগিয়ে নেন ব্র্যান্ডন ম্যাকমুলেন ও রিচি বেরিংটন।

দুজন মিলে গড়েন ৪৮ রানের জুটি। শেষ দিকে ঝড় তোলেন লিস্ক। ইনিংসের শেষ পাঁচ বলে দুটি করে চার ও ছক্কায় তিনি করেন ২২ রান। অন্য প্রান্তে ১৮ বলে চার ছক্কায় ৪১ রান করে অপরাজিত থাকেন ম্যাকমুলেন।

তাদের ব্যাটে ভর করেই স্কটল্যান্ড থামে ২০৭ রান করে, যা ইতালির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যাটিংয়ে নেমে ৪০ রানের মধ্যেই তিন উইকেট হারায় ইতালি। এরপর হ্যারি মানেন্টি এবং বেন মানেন্টির ৭৩ রানের জুটি দলকে স্বপ্ন দেখাচ্ছিল।

যদিও ২৫ বলে ৩৭ রান করে হ্যারি এবং ৩১ বলে ৫২ রানে বেন ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ইতালি। স্কটল্যান্ডের হয়ে ১৭ রান খরচায় চার উইকেট নেন লিস্ক। দুটি উইকেট নেন মার্ক ওয়াট। একটি করে উইকেট নেন ব্র্যাড কারি এবং অলিভার ডেভিডসন।

এই ম্যাচে প্রথম ইনিংসের চতুর্থ ওভারে ফিল্ডিং করার সময় কাঁধে মারাত্মক চোট পান ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ফলে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। কাঁধের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে সাবের অনুমতি নেই। ফলে ম্যাচের বাকি অংশে তাকে ছাড়াই খেলতে হয় ইতালিকে।

আরো পড়ুন: