ব্যাটারের শটে বল মুখে লাগায় আইসিইউতে আম্পায়ার

ভারত ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে একটি জোরালো শটে আঘাতে আহত হয়েছেন আম্পায়ার ধর্মেশ ভারদ্বাজ। নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে লক্ষয় থারেজার ব্যাট থেকে বের হওয়া সোজা শট সরাসরি গিয়ে আঘাত করে আম্পায়ারের মুখের পাশে। আঘাত পাওয়ার পর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি ঘটে অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে। আশিষ মীনার করা বল সোজা ব্যাটে খেলেন থারেজা। বলটি এত দ্রুত গতিতে আম্পায়ারের দিকে যায় যে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। আঘাতের পর থারেজাকে বেশ হতবাক দেখায়।

এরপর দ্রুত আম্পায়ারের কাছে ছুটে যান মাঠের অন্যরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ভারদ্বাজকে হাসপাতালে নেওয়া হয়। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়। তবে তার চোটের বিস্তারিত অবস্থা তখনও জানা যায়নি।

ঘটনাটি ভারদ্বাজের জন্য এবারের প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো আঘাত পাওয়ার ঘটনা। এর আগে দিল্লি প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচে কাঁধে বলের আঘাত পেয়েছিলেন তিনি।

ম্যাচে অবশ্য আম্পায়ারের এই চোটের ঘটনাই হয়ে ওঠে সবচেয়ে আলোচিত বিষয়। ম্যাচের ফল আম্পায়ারের চোটের ঘটনার আড়ালেই পড়ে যায়। আগে ব্যাট করে ইস্ট দিল্লি রাইডার্স ২০ ওভারে সাত উইকেটে ১৯২ রান করে। জবাবে নিউ দিল্লি টাইগার্স ১৫৬ রানে অলআউট হয়ে ৩৬ রানে ম্যাচ হারে।

এই ম্যাচের পর আবারও সামনে এসেছে ক্রিকেট মাঠে আম্পায়ারদের নিরাপত্তার বিষয়টি। ব্যাটারের জোরালো শট থেকে নিজেদের রক্ষা করতে আম্পায়ারদের খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয়। ভারদ্বাজের চোট সেই ঝুঁকিরই আরেকটি উদাহরণ হয়ে থাকল।

আরো পড়ুন: